সিল্কসিটিনিউজ ডেস্ক :
চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৮’-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন জানিতা আহমেদ ঝিলিক। এর পর থেকেই গানে নিয়মিত তিনি। কিছুদিন আগে [৮ অক্টোবর] বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনু নিগমের ‘সোনা সোনা’ গানটি কণ্ঠে তুলেছিলেন ঝিলিক, শেয়ার করেন ফেসবুকে। সেটি নজরে পড়ে বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার।
তিনি সোনু নিগমের কাছে ঝিলিকের কাভার করা গানটি পাঠিয়ে দেন। শুনে বেশ মুগ্ধ হন সোনু, একই সঙ্গে রুনার কাছে ঝিলিকের প্রশংসাও করেন। সোনুর সেই প্রশংসাবার্তা ঝিলিকের কাছে পৌঁছে দেন রুনা লায়লা। বলিউড গায়কের কাছ থেকে বার্তা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ঝিলিক।

রুনা লায়লা ও সোনু নিগমের হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে ঝিলিক লিখেন, ‘ওহ আল্লাহ! আমি এখন সত্যিই কাঁদছি। দ্য গ্রেট সোনু নিগমজির বার্তাটি শেয়ার করা থেকে নিজেকে বিরত রাখতে পারছি না…। ’ ঝিলিক আরো বলেন, ‘আমার হয়তো খুব বেশি পুরস্কার নেই, কিন্তু আমার মনে হয়, আমি এর চেয়ে বেশি পুরস্কার পেয়েছি। রুনা লায়লা ম্যাডামকে ধন্যবাদ, যিনি আমাকে সব সময় অনুপ্রাণিত করেন এবং পরামর্শ দেন।
আমি এখন আক্ষরিক অর্থেই আকাশে উড়ছি।’









