সিল্কসিটিনিউজ ডেস্ক :
আমেরিকায় অভিবাসীদের সফলতার গল্পের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের অভিজ্ঞতা আলাদাভাবে উজ্জ্বল। যুক্তরাষ্ট্রে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে তাদের গড় পারিবারিক আয় সবচেয়ে বেশি। অনেক ভারতীয় বংশোদ্ভূত সিইও ফরচুন-৫০০ কোম্পানির শীর্ষ পদে রয়েছেন। এছাড়াও, মার্কিন কংগ্রেসে ছয়জন ভারতীয় বংশোদ্ভূত সদস্য আছেন, দুইজন সাবেক গভর্নর ছিলেন। এফবিআই, সিডিসি এবং অন্যান্য ফেডারেল সংস্থার উচ্চপদেও ভারতীয় বংশোদ্ভূতরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই সব প্রভাবশালী অবস্থান ভারতের স্বার্থ এবং প্রভাব নিয়ে তাদের ক্রমাগত সংযুক্ত থাকার ধারণা বারবার সামনে নিয়ে আসে।
কিন্তু সাম্প্রতিক সময়ে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিলেও এই প্রভাবশালী প্রবাসী গোষ্ঠীর পক্ষ থেকে প্রায় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এইচ-১বি ভিসার আবেদন ফি এক লাখ ডলার করা হয়েছে, যার প্রায় ৭০ শতাংশ প্রাপ্তি ভারতীয়দের। ভারতের চাবাহার বন্দরে কৌশলগত উন্নয়ন প্রকল্পেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শিক্ষার্থী ভিসা ও অভিবাসনের ক্ষেত্রে নিয়মকাঠামো কঠোর করা হয়েছে। এমনকি নানাভাবে ভারতকে অপমান করা হয়েছে। এ সব ঘটনার পরেও প্রবাসী ভারতীয়দের প্রতিবাদ লক্ষ্য করা যায়নি।

এই নীরবতা বিস্ময়কর। ক্ষমতার কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে তাদের কোনো বাধা নেই। ভারতীয়-আমেরিকানরা সম্পাদকীয় বোর্ড, থিঙ্কট্যাংক, বিশ্ববিদ্যালয় শিক্ষকতা ও রাজনৈতিক প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সিনেটরদের পরামর্শ দেন, নীতিনির্ধারণে প্রভাব ফেলেন। তবে, যুক্তরাষ্ট্র সফরের সময় কংগ্রেসের এক বৈঠকে একটি মার্কিন প্রতিনিধি জানিয়েছেন, তার অফিসে ভারতের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ নিয়ে কোনো ফোনকল আসেনি। অন্যদিকে, ইসরাইল ইস্যুতে অসংখ্য কল আসে। তাহলে কেন ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের সময় প্রবাসীরা মুখ খোলেন না?
একটি কারণ হতে পারে দ্বৈত পরিচয়ের সূক্ষ্ম টানাপোড়েন। ভারতীয়-আমেরিকানরা, বিশেষ করে প্রভাবশালী ব্যক্তিরা, প্রায়ই ভারসাম্য বজায় রাখেন। তাদের সাফল্য নির্ভর করে এমন একটি ভারসাম্যের ওপর—যেমন দীপাবলি উদযাপন করবেন, তবে থ্যাঙ্কসগিভিং আড়ালে না পড়ে। গান্ধীকে শ্রদ্ধা জানাবেন, তবে জেফারসনের ভাবমূর্তিকে আঘাত দেবেন না। ভারতের পক্ষে শক্তিশালীভাবে মুখ খোলা মানে হতে পারে যুক্তরাষ্ট্র সরকারকেই প্রকাশ্যে সমালোচনা করা। এতে প্রশ্ন ওঠে—আপনার আনুগত্য আসলে কোথায়?
এই শঙ্কা অমূলক নয়। যুক্তরাষ্ট্রে অভিবাসীবিরোধী মনোভাব গত কয়েক বছরে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে মুসলিম নিষেধাজ্ঞা শুরু হয়, সীমান্তে ‘আক্রমণের’ সম্ভাবনা উল্লেখ করা হয়েছে—সব মিলিয়ে পরিবেশ আরও বৈরী হয়েছে। অর্থনৈতিক সাফল্য সত্ত্বেও ভারতীয়-আমেরিকানরা এর বাইরে নন। তারা দৃশ্যমান সংখ্যালঘু। দক্ষিণ এশিয়ার মানুষদের ওপর ঘৃণামূলক হামলার ঘটনা বেড়েছে। বিদেশি হিসেবে চিহ্নিত করার প্রবণতা এখনও রয়েছে। এই পরিস্থিতিতে নীরবতা তাদের জন্য আত্মরক্ষার একটি মাধ্যম হিসেবে দেখা যায়।
আমেরিকায় বসবাসরত ভারতীয়দের আতঙ্কের একটি বাস্তব দিকও আছে। অনেক স্থায়ী ভারতীয় অভিবাসী মনে করেন এইচ-১বি ভিসা তাদের সন্তানদের সুযোগ কমিয়ে দিচ্ছে। নতুনভাবে পড়াশোনা শেষ করা অনেক স্টেম গ্র্যাজুয়েট—কম্পিউটার সায়েন্সসহ—বেকার হয়ে আছেন। এদের মধ্যে অনেক ভারতীয়-আমেরিকান। প্রযুক্তি কোম্পানিগুলো বেশি বেতন প্রাপ্ত মার্কিন কর্মীদের বাদ দিয়ে তুলনামূলকভাবে সুলভ এইচ-১বি ভিসাধারীদের কাজে লাগাতে চায়। তাই এসব পরিবারের কাছে নীরব থাকা মানে ট্রাম্প প্রশাসনের নীতিকে নীরব সমর্থন দেওয়ার সমান।
এই নীরবতার পেছনে প্রজন্মগত পার্থক্যও আছে। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া দ্বিতীয় প্রজন্মের ভারতীয়-আমেরিকানদের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটাই ঢিলা। তাদের পরিচয় দ্বৈত, আনুগত্য বহুমুখী। ভারত তাদের কাছে মূলত পূর্বপুরুষের স্মৃতি, বাস্তব জীবনের অভিজ্ঞতা নয়। তারা হোলি উদযাপন করেন, ক্রিকেটের খেলা অনুসরণ করেন, কিন্তু রাজনৈতিক সচেতনতা বেশি মার্কিন দেশীয় বিষয় নিয়ে—পুলিশি নির্যাতন, বন্দুক সহিংসতা, জলবায়ু পরিবর্তন। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি তাদের আলোচনার কেন্দ্র নয়।
এটি কোনো দুর্বলতা নয়, বরং একটি পরিবর্তন। প্রবাসী পরিচয় সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। তবে এর মানে হলো, যখন ভারত আঘাতের মুখে পড়ে, তখন তাদের প্রতিক্রিয়ার তাগিদ কমে যায়। আবেগের টান কমে যায়, দায়িত্ববোধ হালকা হয়। ইলন মাস্ক যেখানে প্রকাশ্যে ঘোষণা দেন এইচ-১বি ব্যবস্থার জন্য লড়াই করবেন, ভারতীয়-আমেরিকান সিইওরা মুখ খোলেননি।
এই নীরবতার মূল্যও আছে। যদি প্রবাসীরা ভারতের বিরুদ্ধে নেতিবাচক নীতি চলাকালীন প্রতিরোধ না গড়ে তুলেন, তবে তারা তাদের নৈতিক অবস্থান হারান। এতে ভারতের সম্পর্কে বিশ্বে ভুল ধারণা ছড়ায় যে ভারত ‘বাণিজ্য প্রতারক’, ‘কৌশলগত ঝামেলার দেশ’ এবং ‘অবিশ্বস্ত অংশীদার’। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় সেই প্রবাসী গৌরবের গল্প, যা যত্নের সঙ্গে তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি প্রবাসীদের বলেছেন ‘রাষ্ট্রের দূত’, কিন্তু যদি এই প্রতিনিধিত্ব বাস্তবে সমর্থন হিসেবে না দাঁড়ায়, তবে তার মূল্য কোথায়?
তবুও নীরবতা সর্বজনীন নয়। কিছু কণ্ঠস্বর শোনা গেছে—অ্যাকটিভিস্ট, শিক্ষাবিদ, কমিউনিটি নেতা, কিছু রাজনীতিক যেমন নিকি হ্যালি ও রো খানা। কেউ ভিসা বিধিনিষেধের বিরুদ্ধে কথা বলেছেন, কেউ শুল্ক নীতির সমালোচনা করেছেন। তবে এগুলো বিচ্ছিন্ন উদ্যোগ, সংগঠিত শক্তি নয়। যেমন ইহুদি-আমেরিকানরা নিয়মিতভাবে ইসরাইলের পক্ষে শক্তিশালী লবিং করেন। কিউবান-আমেরিকানরা দশক ধরে হাভানার বিরুদ্ধে নীতি প্রভাবিত করেছেন। তুলনায় ভারতীয়-আমেরিকান সমাজ এখনো খণ্ডিত—অঞ্চল, ধর্ম ও রাজনৈতিক মতভেদের কারণে বিভক্ত।
প্রবাসী ভারতীয়দের মধ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার অনীহা লক্ষ্য করা যায়। একটি বড় কারণ হলো—অনেক ভারতীয়-আমেরিকান শেষ নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করেছিলেন। ব্যবসাবান্ধব নীতি, চীনের বিরুদ্ধে কঠোর মনোভাব এবং হিন্দুত্ববাদীদের প্রতি সহানুভূতিপূর্ণ মনোভাব তাদের আকৃষ্ট করেছিল।
‘হাউডি মোদি’ সমাবেশে হিউস্টনে ট্রাম্প ও মোদি এক মঞ্চে ছিলেন। এটি দুই নেতার ঘনিষ্ঠতার প্রতীক। অনেক প্রবাসী ভারতীয় এখনো ট্রাম্পকে ভারতের ‘বন্ধু’ ভাবেন। কিন্তু বন্ধুত্ব মানে অন্ধ আনুগত্য নয়। বন্ধুত্বেরও পরীক্ষা থাকে।
যদি ট্রাম্পের শুল্কনীতি ভারতীয় রপ্তানিকারকদের ক্ষতি করে, এইচ-১বি ভিসা বাড়ায়, ভারতের কৌশলগত স্বার্থ ব্যাহত করে, তাহলে চুপ থাকা বন্ধুত্ব নয়, বরং অপরাধে অংশ নেওয়ার সমান। প্রবাসী সমাজকে বুঝতে হবে—প্রতীকী সমর্থনের চেয়ে বাস্তব নীতি গুরুত্বপূর্ণ। হিউস্টনের সমাবেশ দিল্লিতে আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করে না।
প্রবাসী হওয়া মানে কী? শুধু নস্টালজিয়ায় সীমাবদ্ধ—বলিউড, বিরিয়ানি, ভারতীয় নৃত্যপ্রেম? নাকি রাজনৈতিক দায়িত্বও আছে? দেশের ক্ষতি হলে প্রতিবাদ, সত্য বলা—এই দায়িত্ব কি তারা নেওয়া উচিত নয়? প্রবাসী হয়ে কি শুধু দর্শক থাকা যায়, নাকি সেতুবন্ধ গড়া উচিত?
ভারতীয়-আমেরিকানদের কাছে প্রচুর অর্থ, প্রভাব ও মর্যাদা আছে। তারা কংগ্রেসে লবিং করতে পারেন, মিডিয়াকে প্রভাবিত করতে পারেন, জনগণকে সংগঠিত করতে পারেন। তবে আগে দরকার—নিজস্ব অবস্থান থেকে স্পষ্ট ও নীতিভিত্তিক বক্তব্য। শুধুমাত্র দিল্লির অনুসরণ নয়, এমন শব্দ যা ওয়াশিংটনে প্রভাব ফেলে।
ভারতীয়দের উচিত তাদের প্রবাসীদের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা। শুধু রেমিট্যান্স বা সফট পাওয়ার নয়, তাদের কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করা। তাদের বক্তব্য মনোযোগে শোনা, সীমাবদ্ধতা বোঝা, সক্রিয়ভাবে কাজ করার সুযোগ দেওয়া।
বর্তমানে আমরা ওয়াশিংটনে লবিস্টদের পেছনে কোটি কোটি টাকা খরচ করি। কিন্তু ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের সংগঠিত করে ভারতের স্বার্থে কাজ করতে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে খুব কম উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রবাসী ভারতীয়দের নীরবতা মূলত দ্বিধা থেকে আসে—সাফল্য, সংহতি, আত্মীকরণ ও আনুগত্যের মধ্যে টানাপোড়েন। ভারতের দৃষ্টিকোণ থেকে, একটি প্রবাসী সমাজের কণ্ঠস্বর কতটা ধনী বা প্রভাবশালী তা নয়, দেশের মুশকিলে তাদের প্রতিবাদ কতটা জোরালো, সেটিই গুরুত্বপূর্ণ।
সূত্র: যুগান্তর










