সিল্কসিটিনিউজ ডেস্ক :
এমনটা কি কেউ কখনো ভেবেছিল? এক শিল্পী গাইছে, শ্রোতাপ্রিয়তা পাচ্ছে, আবার আয়ও করছে; অথচ বাস্তবে তাঁর অস্তিত্বই নেই! এআই প্রযুক্তির কল্যাণে সেটাই হচ্ছে। শুধু তা-ই নয়, রীতিমতো দাপট দেখাচ্ছে এআই শিল্পী জানিয়া মনেট। যাকে তৈরি করেছেন গীতিকার টেলিশা জোনস। এআই প্ল্যাটফর্ম সুনো দিয়ে এ শিল্পীকে বানিয়েছেন তিনি।
নিজের লেখা গান জানিয়াকে দিয়ে গাওয়াচ্ছেন, সুর-সংগীতের কাজটা করে দিচ্ছে ‘সুনো’। প্রকাশের পর গানগুলো শুনছে প্রচুর মানুষ। আর তাই হ্যালউড মিডিয়া জানিয়াকে চুক্তিবদ্ধ করেছে, তাও আবার ৩০ লাখ ডলারে! বিলবোর্ড থেকে ইয়াহু, বিভিন্ন প্ল্যাটফর্ম এটিকে বলছে ‘রেকর্ড ডিল’। এই প্রতিষ্ঠান এখন থেকে জানিয়ার গানে বিনিয়োগ করবে, এরপর লাভের অঙ্কটা ভাগ করে নেবে টেলিশার সঙ্গে।

যদিও বিষয়টি নিয়ে সমালোচনাও হচ্ছে অনেক। কপিরাইট ইস্যুতে এরই মধ্যে আইনি ঝামেলায় পড়েছে গান তৈরির এআই ‘সুনো’। যুক্তরাষ্ট্রের কপিরাইট দপ্তর সাফ জানিয়ে দিয়েছে, স্রেফ যন্ত্র দিয়ে বানানো গানের কপিরাইট করবে না তারা। তবু অন্তর্জালে এআই শিল্পীদের দাপট ক্রমে বেড়েই চলেছে।









