সিল্কসিটিনিউজ ডেস্ক :
ভারতীয় অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়ের জনসমাবেশে পদদলিত হয়ে নিহতদের জন্য ২০ লাখ এবং আহতদের জন্য ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিজয় নিজেই এই ঘোষণা দিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
গত শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুরে বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৪০ জন নিহত এবং অন্তত ১০০ জন আহত হন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শোক জ্ঞাপন করেছেন।

নিজের জনসমাবেশে এত কর্মী-সমর্থকের প্রাণহাণির ঘটনায় শোক প্রকাশ করেন তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়।
এক এক্স পোস্টে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে ‘অপূরণীয় ক্ষতি’ বলে উল্লেখ করে বিজয় বলেন, ‘আমি যাদের সঙ্গে দেখা করেছি, তাদের সকলের মুখ আমার মনে ভেসে উঠছে। যতই আমার সেই প্রিয়জনদের কথা ভাবছি, ততই আরও কষ্ট হচ্ছে।’
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে হতাহতের জন্য ক্ষতিপূর্ণ ঘোষণা করেন তিনি। এদিকে পদদলিত হওয়ার ঘটনায় এক বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন তৈরি করা হয়েছে।
শনিবারের মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে তামিলনাড়ু পুলিশ প্রধানের বক্তব্য, বিজয় দেরি করে এসেছিল মিছিলে। যে কারণে ভিড় আরও বেড়ে যায়। তামিলনাড়ুর ডিজিপি ইনচার্জ জি ভেঙ্কট রামনের মতে, অভিনেতা-রাজনীতিবিদ সন্ধ্যা ৭:৩০ মিনিটে পৌঁছান। অনুষ্ঠানটি বিকাল ৩টা থেকে শুরু হওয়ার কথা ছিল। এই কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এদিকে, এ ঘটনায় পুলিশ বিজয়ের রাজনৈতিক দলের জ্যেষ্ঠ তিন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্তরা হলেন—বুসি আনন্দ, জি. আর. নির্মল কুমার এবং ভি. পি. মাথিয়াজগন।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এস. ডেভিডসন দেবাশীরবাথম সাংবাদিকদের বলেন, একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে খুঁজে বের করা হবে।
মামলায় ওই তিনজনের বিরুদ্ধেই হত্যার সমতুল্য নয় এমন অপরাধমূলক হত্যাকাণ্ড এবং মানবজীবনকে বিপন্ন করে এমন অবহেলামূলক আচরণের অভিযোগ আনা হয়েছে।
সূত্র: যুগান্তর










