ছবিঘর

চার গায়িকা নিয়ে নির্ঝরের অ্যালবাম

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ক্যাসেট-সিডি অধ্যায়ের সঙ্গে দেশের সংগীত থেকে অ্যালবামের প্রচলনও হারিয়ে গিয়েছিল। সম্প্রতি অ্যালবামের ধারা আবারও ফিরতে শুরু করেছে। অনেকেই অ্যালবাম প্রকাশ করছেন। এর মধ্যে একজন এনামুল করিম নির্ঝর।

তাঁর গীতিকবিতায় গানের প্রকল্প ‘এক নির্ঝরের গান’ থেকে নতুন একটি অ্যালবাম আসছে। নাম ‘বুঝলাম’। চারটি গানে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন চার গায়িকা—সোমনুর মনির কোনাল, মাশা ইসলাম, দোলা রহমান ও অন্তরা রহমান।

ব্লুজ ঘরানার চারটি গানে বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে আত্মদ্বন্দ্ব ও একাকিত্বের বিচিত্র অনুভূতি। কথাগুলো লিখেছেন নির্ঝর, সংগীতায়োজনে অটমনাল মুন।
অ্যালবামটি নিয়ে এনামুল করিম নির্ঝর বলেন, ‘অনেক দিন ধরে একটা অনিশ্চিত সময় পার করছি। ঠিক যেটা চাই, সেটার সঙ্গে বাস্তবতা মিলছে না।

সে রকম একটা জায়গায় দাঁড়িয়ে মুনের সঙ্গে আলাপ করতে গিয়ে মনে হলো, কথা নিয়ে তো আমরা চেষ্টা করছিই, সুর ও সংগীতায়োজনের ধরনে যদি আরেকটু বৈচিত্র্য আনা যায়, তাহলে শিল্পীরা আত্মিকভাবে কথা ও নিজের বাস্তবতার সঙ্গে যুক্ত হতে পারে। সে চিন্তা থেকেই ব্লুজ ঘরানাকে বেছে নেওয়া।’
২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে অ্যালবামটির প্রকাশনা। প্রতি সপ্তাহে একটি করে গান আসবে ইকেএনসি ইউটিউব চ্যানেলে। কোনালের কণ্ঠে ‘দৃশ্যের ছায়া’ দিয়ে শুরু হবে প্রকাশনা পর্ব।