সিল্কসিটিনিউজ ডেস্ক :
নিউইয়র্কে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধিদলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও লাঞ্ছিত করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। তাঁরা সফররত এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকেও অকথ্য ভাষায় গালাগাল করেন। এ ঘটনায় বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রতিক্রিয়া, ক্ষোভ, নিন্দা জানানো হয়েছে। এ ছাড়া ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।
ডিম নিক্ষেপে জড়িত স্থানীয় যুবলীগ নেতা মিজানুর রহমানকে পরে জ্যাকসন হাইটস থেকে আটক করে পুলিশ।
নিউইয়র্ক সময় সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর রাত ১টার দিকে কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জামায়াত ও বিএনপির কিছু নেতাকর্মী এ সময় তাঁদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করেন। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে তাঁর দলের নেতাকর্মীরা নিরাপত্তা দিয়ে গাড়িতে তুলে দেন। হামলার প্রতিক্রিয়ায় নিউইয়র্ক ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে। এর আগেও উপদেষ্টারা এসেছেন।
তাঁদের ওপর তারা এমন আক্রমণ করার চেষ্টা করেছে। দেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে আমরা থাকি। এটাতে আমরা ভয় পাই না। তিনি আরো বলেন, মানুষ তার সাহসের সর্বোচ্চটুকু দিয়ে আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি, সামনের দিনগুলোতেও আওয়ামী লীগকে প্রতিরোধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবে।
এর আগে হোটেলে পৌঁছে আওয়ামী লীগের কর্মীদের স্লোগানের প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার হোসেনসহ এনসিপির আমেরিকায় বসবাসরত নেতাকর্মীরা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করে আওয়ামী লীগ নেতাদের তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই। দলটির সব অন্যায়ের বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এটি হতাশ বা উদ্বিগ্ন হাওয়ার মতো কোনো ঘটনা নয়। কারণ ১০ জন এসে একটা মেরে দিতে পারে। তবে বাংলাদেশের জন্য এটি খুবই লজ্জাজনক। এখানে যারা এটি করেছে তারাই অপমানিত হয়েছে। তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে। পুরো ঘটনার জন্য ব্যবস্থাপকদের অনেক কমিউনিকেশন গ্যাপ আছে বলে মনে করি। হাইকমিশনের ব্যবস্থাপনার ব্যর্থতা আছে, তাতে কোনো সন্দেহ নেই। তাদের আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার ছিল। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক সফরসঙ্গীদের ওপর পতিত স্বৈরাচারের দোসরদের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিমানবন্দরে একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, জুলাই আন্দোলনের এক বীরসেনানী এবং একজন মহিলা রাজনৈতিক নেত্রীর ওপর জঙ্গি কায়দায় হামলে পড়া, নিশ্চয়ই যুক্তরাষ্ট্র প্রশাসন আমলে নেবে।’
ঘটনার প্রতিবাদে পরের দিন মঙ্গলবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিল করে। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে এই হামলার ঘটনায় প্রশাসনের লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এর সঙ্গে প্রশাসনের লোকজন জড়িত। ভেতর থেকে তথ্য লিক (পাচার) করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি বলেই এ রকম ঘটনা ঘটেছে। ফ্যাসিবাদের জমানায় নিয়োগ করা আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলাকারী হিসেবে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের তালিকা প্রকাশ করতে হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ ও ত্বরান্বিতকরণ করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। ট্রাইব্যুনালে এখনো দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়নি। আমরা ট্রাইব্যুনালের কাছে এটার আবেদন জানাব। এ ছাড়া তিনি নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেলের পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়েছেন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এক বিবৃতিতে বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা গত বছরের পরাজয়ে তাড়িত। কিন্তু মুখ খারাপ করে গালাগাল করলে রাজনীতিতে কিছু অর্জন হয় না। নিউইয়র্কে তাদের এই অশ্লীলতা প্রদর্শন প্রমাণ করে তারা এখনো জনগণের ক্ষোভ উপলব্ধি করতে পারেনি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিবৃতিতে বলেছে, ‘জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা আখতার হোসেন ও ডা. তাসনিম জারার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আওয়ামী লীগ। এ সন্ত্রাসী দলকে বাংলাদেশের মাটিতে আর ফিরতে দেওয়া হবে না।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের যথাযথ নিরাপত্তা দেননি। নিউইয়র্কের মতো জায়গায় এ ধরনের অব্যবস্থাপনা শঙ্কিত করে। নির্বাচনকালীন নিরাপত্তার চিত্রও প্রশ্নবিদ্ধ।’
ডা. তাসনিম জারা তাঁর ফেসবুকে লিখেছেন, ‘এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর নয়, তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণে হামলা হয়েছে। তিনি সেই দলকে প্রতিনিধিত্ব করেন, যারা ফ্যাসিবাদের কাঠামো ভাঙতে লড়াই করছে।’
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, ‘এই জানোয়ারদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। যাঁরা তাদের আশ্রয়-প্রশ্রয় দেন, তাঁরা সাবধান হোন।’
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘হাসিনার পুলিশ লীগ আখতারকে দমন করতে পারেনি, বিদেশে কিছু উচ্ছিষ্টও তা পারবে না।’
ঢাবির কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম ফেসবুকে লিখেছেন, ‘যেখানে আওয়ামী লীগ, সেখানেই প্রতিরোধ। এবার ছাড় নেই।’
জানা গেছে, আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপকারী মিজানুর রহমানকে স্থানীয় পুলিশ আটক করে। সোমবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক দিন তাকে হাজতে থাকতে হবে। পরে তাকে কোর্টে হাজির করা হতে পারে। বিএনপির এক কর্মী পুলিশের কাছে তাকে ছুরি দিয়ে হত্যার অভিযোগ করলে, পুলিশ মিজানকে আটক করে।










