সিল্কসিটিনিউজ ডেস্ক :
গাইবান্ধার ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (২৮) নামের এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া সংলগ্ন ঘাঘট নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
মৃত তাসমিন আরা নাজ গাইবান্ধা এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

স্থানীয়রা জানান, খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়াসংলগ্ন ঘাঘট নদীতে একটি লাশ ভাসতে দেখা যায়।
এ সময় স্থানীয়রা সদর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।










