সিল্কসিটিনিউজ ডেস্ক :
পিছে তো দেখো, পিছে দেখো’―এই এক সংলাপের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা আহমেদ শাহের ছোট ভাই উমর শাহ মারা গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) আহমেদ শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্ষুদে তারকা আহমেদ ভাই হারানোর বিষয়টি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে নিশ্চিত করেছেন। তিনি এক পোস্টে লিখেছেন, ‘সবাইকে অবগতির জন্য জানানো হচ্ছে যে, আমাদের পরিবারের ছোট্ট নক্ষত্র উমর শাহ মহান আল্লাহর কাছে ফিরে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা তাকে স্মরণ করবেন এবং আমাদের পরিবারকে প্রার্থনায় রাখবেন।’
সংবাদমাধ্যম সিয়াসাতের প্রতিবেদন থেকে জানা গেছে, উমর শাহের মৃত্যু পরিবারটির জন্য দ্বিতীয় ক্ষতি। গত বছরই আহমেদের বোন আয়েশাও মারা যান। পরিবারটি এখনো সেই শোক কাটিয়ে উঠার আগেই আরেক সদস্য উমর শাহ মারা গেলেন।
জানা গেছে, উমর শাহ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি বমি করেছিলেন এবং যা ফুসফুসে প্রবেশ করেছিল।
প্রসঙ্গত, আহমেদ শাহ সুন্দর আচরণের মাধ্যমে বিশ্বজুড়ে মিম সেনসেশন হয়ে উঠেছিলেন। পরবর্তীতে এআরওয়াই ডিজিটাল শো এবং জিতো পাকিস্তানে অভিনয় করেন।
তার ছোট ভাই উমর শাহ ও আবু বকরও পরে তার সঙ্গে যোগ দিয়েছিলেন এবং তারা একসঙ্গে ভক্তমহলে জনপ্রিয় হয়ে উঠেছিলেন।









