সিল্কসিটিনিউজ ডেস্ক :
অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ফিডব্যাক ব্যান্ডের ভোকাল লুমিনের মিউজিক্যাল ফিল্ম ‘ফিরে এসো’। অটমনাল মুনের কথা, সুর ও সংগীতে গানটির ভিডিও চিত্র নির্মাণ করেছেন রাজিবুল হোসেন। এতে লুমিনের সঙ্গে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীল।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে মিউজিক্যাল ফিল্মটির প্রিমিয়ার হয়।

অনুষ্ঠানে তরুণ সংগীতশিল্পীদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ফিডব্যাকের ফুয়াদ নাসের বাবু, লাবু রহমান ও পন্টি। মাইলস ব্যান্ডের মানাম আহমেদ ও হামিন আহমেদ, পেন্টাগন ব্যান্ডের মোহাম্মদ আলী সুমন, সংগীতশিল্পী নাফিস কামাল, রবীন্দ্রসংগীতশিল্পী অনিমা রায়সহ অনেকেই।
মিউজিক্যাল ফিল্মটি নিয়ে লুমিন বলেন, ‘প্রবাসে থাকলেও বাংলা গান ও দেশের টানে কাজটি করেছি। বন্ধু অটমনাল মুনের স্টুডিওতে গানটি শোনার পরই লোভ সামলাতে পারিনি।
বন্ধুও আমার জন্য দারুণ আয়োজন করেছেন। এরপর প্রথমবার মিউজিক্যাল ফিল্মে অভিনয়, সব মিলিয়ে দারুণ অনুভূতি।’
ফিল্মটির বেশির ভাগ দৃশ্য এক টেকেই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক রাজিবুল হোসেন। বললেন, ‘প্রতিটি গানের পেছনেই একটা গল্প থাকে।
আমরা ভিজ্যুয়ালে এই গানের গল্পটা তুলে ধরার চেষ্টা করেছি। সবাই অনেক পরিশ্রম করেছে। আশা করি, সবার ভালো লাগবে।’
ফিল্মটি একটি দেশীয় ওটিটি প্ল্যাটফরমে দেখা যাচ্ছে।









