সিল্কসিটিনিউজ ডেস্ক :
চার্লি কার্ক ইসরায়েলের পরম বন্ধু ছিলেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মার্কিন ডানপন্থী কর্মী ও ভাষ্যকার চার্লি কার্ক বুধবার যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে নেতানিয়াহু এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘সত্য কথা বলার জন্য এবং স্বাধীনতার পক্ষে দাঁড়ানোর কারণে চার্লি কার্ককে হত্যা করা হয়েছে। ইসরায়েলের একজন সিংহহৃদয় বন্ধু হিসেবে তিনি মিথ্যার বিরুদ্ধে লড়েছেন এবং ইহুদি-খ্রিস্টান সভ্যতার জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন।

তিনি আরো লেখেন, ‘মাত্র দুই সপ্তাহ আগে আমি তার সঙ্গে কথা বলেছিলাম এবং তাকে ইসরায়েলে আমন্ত্রণ জানিয়েছিলাম। দুর্ভাগ্যবশত, সেই সফর আর হবে না। আমরা এক অসাধারণ মানুষকে হারালাম। আমেরিকার প্রতি তার সীমাহীন গর্ব এবং মুক্ত বক্তৃতার প্রতি তার সাহসী বিশ্বাস একটি স্থায়ী ছাপ রেখে যাবে।
শান্তিতে ঘুমাও, চার্লি কার্ক।’
এদিকে তাকে হত্যার ঘটনায় এখনো কোনো সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি। এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, আমাদের তদন্ত চলছে এবং স্বচ্ছতার স্বার্থে আমরা বিভিন্ন তথ্য প্রকাশ অব্যাহত রাখব।










