সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রায় ১৮ বছর পর বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়াল নিয়ে আসছে ভাট ক্যাম্প। নতুন ছবিতে আবারও ফিরছেন ইমরান হাশমি। আর এবার তার নায়িকা হিসেবে থাকছেন দিশা পাটানি।
এমনটা নিশ্চিত করেছেন প্রযোজক মুকেশ ভাট এবং পরিচালক নিতিন কাক্কর।

জানিয়েছেন, দিশা পাটানি হচ্ছেন ছবির মূল নায়িকা।
বলিউড সূত্রের খবর, গল্প শোনার পরই আবেগঘন প্লটে মুগ্ধ হয়ে দ্রুত রাজি হয়ে যান দিশা পাটানি।
জানা গেছে, এবারেরও গল্প আবর্তিত হবে গ্যাংস্টার জগৎকে ঘিরে, তবে রোমান্স এবং আবেগের মাত্রা থাকবে দ্বিগুণ।
নির্মাতাদের কথায়, ‘প্রথম ছবির আবহ অটুট রেখে এবার বড় পরিসরে এগোনো হচ্ছে।
দর্শক পাবেন ২ গুণ রোমান্স ও ২ গুণ ইমোশন।’
প্রথম ‘আওয়ারাপন’-এর মতো এই সিক্যুয়ালেও সংগীতকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। নির্মাতারা জানিয়েছেন, ছবিতে নতুন গান থাকবে, পাশাপাশি পুরোনো কিছু জনপ্রিয় সুরও ফিরতে পারে।
‘আওয়ারাপন ২’-এর শুটিং শুরু হবে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে।
জানুয়ারির মধ্যে শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে। ছবিটি মুক্তি পাবে গ্রীষ্মকালীন মৌসুমে, ২০২৬ সালে।









