সিল্কসিটিনিউজ ডেস্ক :
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বিশ্বঐতিহ্য সুন্দরবন, জাতীয় মাছ ইলিশ ও লবণ রক্ষার দাবিতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)সহ পরিবেশবাদী ২০টি সংগঠনের উদ্যোগে ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদ সম্মেলনকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশ থেকে এসব বিষয়ে সমগ্র বিশ্বনেতাদের দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলী পার্ক মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সহ আহ্বায়ক এম এস সিদ্দিকী।

রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন ধরার সদস্যসচিব শরীফ জামিল, কৃষক ফেডারেশনের সভাপতি এসএম বদরুল আলম, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, ইক্যুইটিবিডির পরিচালক মোস্তফা কামাল আকন্দ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মীর মোহাম্মদ আলী, রিভারাইন পিপলের চেয়ারম্যান আনোয়ার হোসেন, এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অল্টারনেটিভসের (ইআরডিএ) নির্বাহী পরিচালক মনির হোসেন চৌধুরী, সিপিআরডির প্রতিনিধি ইমরান হোসেন, ওয়াটারকিপার্স বাংলাদেশের গবেষণা ও বাস্তবায়ন শাখা প্রধান ইকবাল ফারুক প্রমুখ।
সমাবেশে ধরা’র সদস্যসচিব শরীফ জামিল বলেন, সুন্দরবন, ইলিশ ও লবণের মতো অমূল্য সম্পদ নষ্ট করাকে কেউ সমর্থন করতে পারে না। সুন্দরবন না থাকলে সমগ্র দক্ষিণ বাংলা বিপন্ন হবে, তাই সুন্দরবন বাঁচাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইলিশ আমাদের অমূল্য জাতীয় সম্পদ। ইলিশ চলাচলের পথ বন্ধ করে যে কোনো প্রকল্প গ্রহণ জাতীয় স্বার্থ ও জন আকাঙ্খার পরিপন্থী।
পাশাপাশি মাছে ভাতে বাঙালির ঘরে লবণ ছাড়া আমাদের একদিনও চলবে না। ফলে লবণ বাঁচাতে বাঁশখালি ও মাতারবাড়িতে অপরিকল্পিত শিল্পায়ন নিয়ন্ত্রণ করতে হবে।
কৃষক ফেডারেশনের সভাপতি এসএম বদরুল আলম বলেন, জ্বীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে অনেক দেশই বেরিয়ে আসার চেষ্টায় অনেক দেশ সফল হয়েছে। কিন্তু আমরা এর ব্যবহার বাড়িয়ে চলেছি।
তিনি বিপর্যয় থেকে মুক্ত হতে সঠিক পথনকশা প্রণয়নের আহ্বান জানান।
সুন্দরবন ও উপকুল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র বলেন, আমাদের উপকূলের রক্ষাকর্তা হচ্ছে সুন্দরবন। সেই সুন্দরবন এখন দূষণের শিকার। উপকূলে নদী দূষণ হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। সাতক্ষীরাসহ উপকূলবর্তী এলাকাগুলোতে পরিবেশ দূষণের কারণে জনসংখ্যা কমে যাচ্ছে।
এ বিষষে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, অপরিকল্পিত শিল্পায়নের কারণে ইলিশসহ মৎস্যসম্পদ ধ্বংস হচ্ছে। ইতোমধ্যে অসংখ্য জলজ প্রাণি বিলুপ্ত হয়েছে। প্রতিবছরই ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন কমছে। ফলে উপকূলের মানুষ জীবিকা হারাচ্ছে। ইলিশসহ মৎস্যসম্পদ রক্ষায় কার্যকর নীতিমালা নির্ধারণ এবং এই খাতের উন্নয়নে গবেষণার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
সভাপতির এম এস সিদ্দিকী বলেন, জলবায়ু পরবির্তন ও দুষণের কারণে ইলিশ মাছ ও তরমুজ উৎপাদনে ধ্বস নেমেছে। লবণ ও পান চাষ চরম সংকটের মুখে পড়েছে; যা দেশের বৃহত্তর খাদ্য নিরাপত্তায় হুমকি তৈরির পাশাপাশি হাজার হাজার জেলে ও কৃষকের জীবন ও জীবিকাকে বিপন্ন করে তুলেছে। দুষণ নিয়ন্ত্রণে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের রূপরেখা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
সমাবেশ চলাকালে বাঘের আবাসস্থল নষ্ট, বন্য প্রাণী ও কাঠ পাচার, পরিবেশ দুষণ ও সুন্দরবন ধ্বংসের নানা চিত্র এবং বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।









