সিল্কসিটিনিউজ ডেস্ক :
পাকিস্তানের খ্যাতনামা গায়িকা কুরাতুলাইন বালুচ বড় ধরনের বিপদের মুখে পড়েছেন। বেড়াতে গিয়ে ভালুকের আক্রমনের শিকার হয়েছেন এ গায়িকা। বেশ আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। তবে বর্তমানে অনেকটাই সুস্থ এ গায়িকা।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুরাতুলাইন বালুচ দেওসাই জাতীয় উদ্যানে ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে নিজের তাঁবুতে ঘুমাচ্ছিলেন। আচমকাই একটি বাদামি ভালুক তাঁর ওপর আক্রমণ চালায়, যার ফলে তার হাতসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর ক্ষত হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার অবস্থা স্থিতিশীল। হাড়ে কোনো ভাঙন ঘটেনি, তবে ক্ষতগুলো সম্পূর্ণরূপে সেরে উঠতে সময় লাগবে।
এদিকে গায়িকার বর্তমান শারীরিক পরিস্থিতি উল্লেখ করে বিবৃতি প্রকাশ করেছে তার টিম। যেখানে লেখা হয়েছে, “তার অবস্থা এখন আশঙ্কামুক্ত। সৌভাগ্যবশত কোনো হাড় ভাঙেনি এবং তিনি ধীরে ধীরে আঘাত থেকে সেরে উঠছেন। এ মুহূর্তে তাঁর বিশ্রাম ও ব্যক্তিগত গোপনীয়তা প্রয়োজন।
সুস্থ না হওয়া পর্যন্ত সব জনসমাগমমূলক কর্মসূচি স্থগিত করা হয়েছে। সবার কাছে দোয়া কামনা করছি।”
সংগীতপ্রেমীদের জন্য কুরাতুলাইন বালুচের জনপ্রিয় কিছু গান উল্লেখযোগ্য। পাকিস্তানি ধারাবাহিক ‘হামসাফার’-এর গান ‘ওহ হামাসাফার থা’ এবং ভারতীয় ছবির ‘পিঙ্ক’-এর গান ‘কারি কারি’ তার খ্যাতি বহুগুণ বৃদ্ধি করেছে। তার সংগীতজীবনের সূচনা হয় ২০১১ সালে ‘আঁখিয়া নু রেহন দে’ গান দিয়ে।









