সিল্কসিটিনিউজ ডেস্ক :
ভারতের কেরালা রাজ্যের মালাপ্পুরমে বসবাসরত দুই বোন এখন কার্যত রাষ্ট্রহীন। পাকিস্তানি নাগরিকত্ব ত্যাগের সনদ না থাকায় তারা ভারতীয় নাগরিকত্বও পাচ্ছেন না।
দুই বোন আদালতে জানান, ২০০৮ সাল থেকে তারা কেরালায় বসবাস করছেন। ২০১৭ সালে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে জমা দেন তাদের পাসপোর্ট।

তবে তখন তাদের বয়স ছিল ২১ বছরের নিচে। পাকিস্তানের আইন অনুযায়ী, ২১ বছরের কম বয়সীরা স্বাধীনভাবে নাগরিকত্ব ত্যাগ করতে পারেন না। ফলে হাইকমিশন আবেদন গ্রহণ করলেও সনদ দেয়নি।
পরবর্তীতে প্রাপ্তবয়স্ক হওয়ার পর আবার আবেদন করলেও, কোনও ব্যাখ্যা ছাড়াই পাকিস্তান হাইকমিশন তাদের আবেদন নাকচ করে।
আবেদনকারীদের মা রাশিদা বানু অভিযোগ করেন, নাগরিকত্ব ত্যাগের সনদ না দিয়ে হাইকমিশন তাদের পাসপোর্টও ফেরত দেয়নি।
রাশিদা ও তার ছেলে ইতোমধ্যেই ভারতীয় নাগরিকত্ব পেলেও, দুই মেয়ের বিষয়টি বছরের পর বছর ঝুলে আছে। তিনি বলেন, ‘পাসপোর্ট না থাকায় তারা কোথাও যেতে পারছেন না, এমনকি স্বামীর কাছেও নয়। জীবন একেবারে থমকে গেছে।
’
২০১৮ সালে পাকিস্তান হাইকমিশন একটি সনদ দিলেও, যেখানে লেখা ছিল ভারত তাদের নাগরিকত্ব দিলে পাকিস্তানের আপত্তি নেই—কিন্তু ভারত সরকার সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
এই পরিস্থিতিতে দুই বোন কেরালা হাইকোর্টে মামলা করেন। গত বছর হাইকোর্টের একক বেঞ্চ তাদের পক্ষে রায় দিলেও, চলতি বছরের ২৩ আগস্ট একই আদালতের দুই বিচারপতির বেঞ্চ আগের রায় বাতিল করে। রায়ে বলা হয়, ভারতীয় নাগরিক হতে হলে প্রথমে স্পষ্টভাবে পাকিস্তানি নাগরিকত্ব ত্যাগ করতে হবে।
দুই বোনের আইনজীবী এম সসীন্দ্রন বলেন, ‘২০১৭ সালে তারা অপ্রাপ্তবয়স্ক ছিল বলে সনদ পায়নি।
এখন প্রাপ্তবয়স্ক হলেও পাসপোর্ট নেই। ফলে পাকিস্তানে গিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করার কোনও উপায় নেই। কার্যত তারা আটকে গেছেন।’
এদিকে, ভারতীয় সংসদে উপস্থাপিত তথ্যে বলা হয়েছে, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ৭ হাজারের বেশি পাকিস্তানি ভারতের নাগরিকত্বের আবেদনের নিষ্পত্তির অপেক্ষায় আছেন।
দুই বোনের পরিবারও সেই তালিকায় থেকে বছরের পর বছর ধরে ভুগছেন। এক বোনের স্বামী বিদেশ থেকে চাকরি ছেড়ে ভারতে ফিরেছেন, অন্যজনের সন্তানের বিদেশে চিকিৎসাও আটকে গেছে নাগরিকত্বের জটিলতায়।
রাশিদা বানুর আক্ষেপ, ‘আমার ছেলে নাগরিকত্ব পেয়েছে, আমি পেয়েছি, কিন্তু দুই মেয়ে এখনও অন্ধকারে। যেন তারা কারও সন্তান নয়, কোনো দেশের নাগরিকও নয়।’
রাশিদা বলেন, ‘পাকিস্তানি পরিচয়পত্র থাকায় প্রায়ই সমাজে হেয়প্রতিপন্ন হতে হতো আমাদের পরিবারকে। তারপরও একটা ভরসার জায়গা ছিলো পরিচয়পত্রগুলো। তবে আমার দুই মেয়ের কাছে আর তা দেখানোর সুযোগও নেই।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুই বোনের পরিবারিক কাহিনী বেশ জটিল। তাদের বাবা মোহাম্মদ মারুফের জন্ম ভারতের কেরালায়। মাত্র ৯ বছর বয়সে অনাথ হলে তার দাদির কাছে বর হতে থাকেন তিনি। পরে ১৯৭৭ সালে দাদির সঙ্গে পাকিস্তানে পারি জমান মারুফ।
এদিকে মারুফের স্ত্রী রাশিদার মা-বাবাও ভারতীয় নাগরিক ছিলেন। তারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান গিয়ে আটকে পড়েন। ফিরে আসা তাদের জন্য কঠিন হয়ে পড়লে সে সময় তাদের পাকিস্তানি নাগরিকত্বের আবেদন করাই সহজ বলে মনে হয়। পরে পাকিস্তানেই জন্ম হয় রাশিদা বানুর।
পরে নিজেদের শিকরের সন্ধানে ভারত চলে আসেন মারুফ-রাশিদা দম্পতি। তবে মারুফ ভারতে নানা কারণে মানিয়ে নিতে না পেরে পাকিস্তানে ফিরে যান।
চার সন্তানের জননী রাশিদা ও তার এক ছেলে পরে ভারতীয় নাগরিকত্ব পেলেও বয়সের কারণে আটকে যায় দুই মেয়ের নাগরিকত্বের পরিচয়।










