ছবিঘর

নগর জীবনের ভাঙা-গোছানো সম্পর্ক—মেট্রো… ইন দিনো

নিউজ ডেস্ক২ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এক লোক সারাক্ষণ মোবাইলে ডুবে থাকে। এতে স্ত্রীর মনে সন্দেহ জন্মায়। একসময় সত্যিই ধরা পড়ে—সে অন্য এক নারীর সঙ্গে চ্যাট করছে। কিন্তু হঠাৎ ঝগড়া না করে স্ত্রী ভিন্নভাবে তাকে শিক্ষা দিতে চায়।

নতুন নামে একটি আইডি খুলে স্বামীকে রিকোয়েস্ট পাঠায়।
শুরু হয় চ্যাট, আর ধীরে ধীরে লোকটি মজে যায় সেই ‘অপরিচিত’ নারীর প্রেমে। দেখা করার ইচ্ছা জানায়। স্ত্রী বান্ধবীর সাহায্যে তাকে হোটেলে যেতে বলে।

সেখানে চোখ বেঁধে বিব্রতকর অবস্থায় ছবি তোলা হয়। শেষ পর্যন্ত এমনভাবে লজ্জা দেওয়া হয় যে, স্বামী আর কোনো দিন পরকীয়ার পথে হাঁটার সাহস পায় না।
পরকীয়ার হাত থেকে স্বামীকে শিক্ষা দেওয়ার এই ঘটনাটি ‘মেট্রো… ইন দিনো’ সিনেমার একটি গল্প। নগর জীবনের চারটি প্রেমের গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটি।

এখানে নগর জীবনের সম্পর্কের জটিলতা খুব বাস্তবভাবে দেখানো হয়েছে।
প্রতিটি গল্পে আছে ভিন্ন ভিন্ন স্বাদ—কোথাও প্রেম, কোথাও বিশ্বাসঘাতকতা, কোথাও আবার একাকিত্ব আর ভাঙা স্বপ্নের কষ্ট। মোবাইল, সোশ্যাল মিডিয়া, অবিশ্বাস আর পারিবারিক টানাপড়েন—সব মিলে সিনেমাটিকে মনে হয় আমাদের চারপাশের বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি।

অনুরাগ বসুর পরিচালনায় এই তারকাখচিত অভিনয়শিল্পীরা সিনেমাটিকে করেছেন আরো বিশ্বাসযোগ্য। অনুপম খের, নীনা গুপ্তা, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠি, আদিত্য রায় কাপুর, সারা আলী খান, আলী ফজল আর ফাতিমা সানা শেখ—সবার অভিনয়ে সম্পর্কের টানাপড়েন যেন একেবারে জীবনের কাছাকাছি মনে হয়।

‘মেট্রো… ইন দিনো’ শুধু চারটি প্রেমের গল্প নয়। এটি মানুষের একাকিত্ব, আকাঙ্ক্ষা এবং ভঙ্গুর আবেগের প্রতিচ্ছবি। প্রতিটি চরিত্র যেন আমাদের চেনা কারো মতো লাগে, আর প্রতিটি গল্প মনে করিয়ে দেয়—ভালোবাসা যত সুন্দরই হোক, বিশ্বাস আর সততা ছাড়া তা টিকে থাকে না।