সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ডোরবেল বাজিয়ে দৌড়ে পালানোর সময় শিশুকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক১ সেপ্টেম্বর ২০২৫৩ মিনিট পড়া
ডোরবেল বাজিয়ে দৌড়ে পালানোর সময় শিশুকে গুলি করে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের হিউস্টনে ১১ বছরের এক শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। তার অপরাধ ছিল, সে প্রতিবেশীদের ডোরবেল বাজিয়ে দৌড়ে পালিয়ে খেলছিল। স্থানীয় সময় শনিবার রাতে সে গুলিবিদ্ধ হয় এবং রবিবার হাসপাতালে মারা যায়। পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সিএনএন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিএনএনের সহযোগী চ্যানেল কেএইচওইউর তথ্য অনুসারে, ওই শিশু ও আরো কয়েকজন বন্ধু মিলে এলাকার বিভিন্ন বাড়ির ডোরবেল বাজিয়ে দৌড়ে পালাচ্ছিল। রাত প্রায় ১১টার দিকে ইস্ট হিউস্টনের রেসিন স্ট্রিটের একটি বাড়ির সামনে একই কাজ করার পর শিশুটি দৌড়ে পালানোর সময় কেউ তাকে ধাওয়া করে পিঠে গুলি করে।

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে রবিবার তার মৃত্যু হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

কেএইচওইউ জানিয়েছে, তদন্তকারীরা নজরদারি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন এবং হ্যারিস কাউন্টি জেলা অ্যাটর্নি অফিসের সঙ্গে সম্ভাব্য অভিযোগ গঠন নিয়ে কাজ করছেন। এ ছাড়া হিউস্টন পুলিশ বিভাগের হত্যাকাণ্ড শাখার গোয়েন্দা সার্জেন্ট মাইকেল ক্যাস বলেছেন, মামলাটি সম্ভবত খুনের অভিযোগেই করা হবে। কারণ ঘটনাটি আত্মরক্ষার আওতায় পড়ে না। গুলি ‘বাড়ির কাছাকাছি’ থেকে করা হয়নি।

কাউকে বিরক্ত করার জন্য দরজার বেল বাজিয়ে দৌড়ে পালানো বা ‘ডিং ডং ডিচিং’ মূলত একটি পুরনো প্র্যাংক। কিন্তু সাম্প্রতিক সময়ে এটি টিকটকসহ সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। ভিডিওগুলোতে দেখা যায়, অনেকেই শুধু বেল বাজানো নয়, বরং জোরে দরজায় আঘাত করছে বা লাথি মারছে। কিন্তু এর ফলে ইতিমধ্যে বহু মর্মান্তিক ঘটনা ঘটেছে।

পুলিশের তথ্য মতে, জুলাইয়ের শেষের দিকে ডালাসের একটি শহরতলিতে এক ব্যক্তি তার দরজায় ধাক্কা দেওয়ার পর পালিয়ে যাওয়া গাড়িতে একাধিক গুলি চালায়।

লোকটিকে মারাত্মক আক্রমণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।
এ ছাড়া দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মে মাসে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ১৮ বছরের এক কিশোর টিকটকে আপলোড করার জন্য ‘ডোরবেল ডিচ’ প্র্যাংক করতে গিয়ে গুলিতে নিহত হয়। ২০২০ সালে একই ধরনের প্র্যাংক করার পর ১৬ বছর বয়সী তিন কিশোরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে এক ব্যক্তি। পরে ওই ব্যক্তিকে খুনের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক করে বলছে, এই ধরনের ‘চ্যালেঞ্জ’ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ইন্ডিয়ানার হ্যামিল্টন কাউন্টি শেরিফ অফিস তাদের ফেসবুক পোস্টে লিখেছে, ‘মনে করছেন মজা করে দরজায় ধাক্কা দিয়ে দৌড়ে পালানো যায়? আবার ভাবুন। এটা আপনাকে বিপদে ফেলতে পারে—আইনি জটিলতা, সম্পত্তির ক্ষতি, কিংবা আরো খারাপ—কারো প্রাণহানিও ঘটতে পারে।’

এ ছাড়া ফ্লোরিডার ভলুসিয়া কাউন্টির শেরিফ মাইক চিটউড বলেন, এই ধরনের কাজ আপনাকে মেরে ফেলতেও পারে। কিশোরদের বোঝা উচিত, এভাবে মজা করতে গিয়ে তারা নিজেদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলছে।