সিল্কসিটিনিউজ ডেস্ক :
আধুনিক ইতিহাসে খুব কম ঘটনাই আছে, যা সমগ্র বিশ্বকে একসঙ্গে অবিশ্বাসে স্তব্ধ করে দিয়েছিল। আজ থেকে ২৮ বছর আগে খবর ছড়ায়, পারিসে একটি গাড়ি দুর্ঘটনায় ওয়েলসের প্রিন্সেস ডায়ানা মারা গেছেন। এ খবরে রাস্তাগুলো নীরব হয়ে যায়, পত্রিকাগুলো তাদের প্রথম পাতা নতুন করে তৈরি করে এবং বিশ্বজুড়ে টেলিভিশনের পর্দায় বারবার একই শিরোনাম দেখা যায়—জনগণের প্রিন্সেস চলে গেলেন।
প্রিন্সেস ডায়ানার মৃত্যু যেভাবে ঘটেছিল
১৯৯৭ সালের ৩১ আগস্টের শুরুতে ৩৬ বছর বয়সী ডায়ানা তার সঙ্গী দোদি আল-ফায়েদের সঙ্গে একটি কালো মার্সিডিস গাড়িতে ওঠেন।

রিটজ হোটেলের নিরাপত্তাপ্রধান হেনরি পল গাড়ি চালাচ্ছিলেন, আর বডিগার্ড ট্রেভর রিস-জোনেস সামনে বসেছিলেন।
কয়েক মিনিট পরই গাড়িটি পন্ট দে ল’আলমা সুড়ঙ্গের ত্রয়োদশ খুঁটিতে ধাক্কা খায়। এই ধাক্কায় দোদি ও পল ঘটনাস্থলেই মারা যান। উদ্ধারকর্মীরা রিস-জোনেসকে জীবিত উদ্ধার করেন।
চিকিৎসকরা মরিয়া হয়ে ডায়ানাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ভোর ৪টায় তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়।
ডায়ানার শেষ সময়গুলো
সেই রাতে ডায়ানা ও দোদি রিটজ হোটেলে রাতের খাবার খান। হোটেলটির মালিক ছিলেন দোদির বাবা মোহাম্মদ আল-ফায়েদ।
হোটেলের সামনের প্রবেশপথে সাংবাদিকরা ভিড় করেন। তাদের এড়াতে এ জুটি পেছনের দরজা দিয়ে রাত ১২টা ২০ মিনিটে গাড়ি ছাড়েন।
পরে রাত ১২টা ২৩ মিনিটে গাড়িটি আলমা সুড়ঙ্গের মধ্যে খুঁটিতে ধাক্কা খায়। ওই সময় তাদের গাড়িটি অনুমোদিত গতির দুই গুণের বেশি গতিতে ছুটছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল, ভয়াবহ এ সংঘর্ষের পর নীরবতা নেমে আসে।
ডিউটির বাইরে থাকা চিকিৎসক ফ্রেডরিক মেইলিয়েজ ছুটে গিয়ে সাহায্য করার চেষ্টা করেন। গুরুতর আহত হলেও ডায়ানা তখনো চেতনা হারাননি। কেবল ফিসফিস করে বলেছিলেন, ‘ওহ মাই গড…আমাকে একা ছেড়ে দাও।’
তাকে পিতিয়ে-সালপেট্রিয়ার হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে সার্জনরা অভ্যন্তরীণ রক্তপাত থামাতে চেষ্টা করেন। কিন্তু ভোরের আলোয় ইংল্যান্ডের ভবিষ্যৎ রানি পৃথিবীর মায়া ছেড়ে চলে যান।
আলোকিত জীবনের গল্প
ডায়ানা সব সময় ক্যামেরার সামনে ছিলেন। তিনি এক নার্সারি সহকারী থেকে বিশ্বের সবচেয়ে পরিচিত নারী হয়ে উঠেছিলেন। তিনি বর্তমান ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে একটি অশান্তিপূর্ণ দাম্পত্য জীবন কাটিয়েছেন। তিনি তার প্রভাবশালী অবস্থান ব্যবহার করে এইডস রোগী ও স্থল মাইনের শিকারদের জন্য প্রচারণা চালিয়েছেন এবং তার সন্তানদের সহানুভূতিশীলভাবে লালন করার ওপর জোর দিয়েছেন।
ডায়ানা এইচআইভি রোগীদের সঙ্গে হাত মেলানোর সময় কোনো গ্লাভস ব্যবহার করতেন না, যা তখন রয়াল পরিবারের জন্য ট্যাবু ছিল। তিনি স্থল মাইন পোতা জমির মধ্য দিয়ে হেঁটেছিলেন বিশ্বকে কার্যকর পদক্ষেপের জন্য আহ্বান জানাতে। যখন নীরবতাই ছিল রাজকীয় রীতি, তখন তিনি তার মানসিক স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বলেছেন।
ডায়ানার মৃত্যুর পর বিশ্ব শোকাহত হয়। কেনসিংটন প্রাসাদের বাইরে মানুষ ফুলের স্তূপের উচ্চতা ফটককে ছাড়িয়ে যায়। লাখো মানুষ লন্ডনের রাস্তায় সমবেত হয়। আনুমানিক ২৫০ কোটি মানুষ টেলিভিশনে তার শেষকৃত্য দেখেছে। সেই সময় এলটন জন গান গাইছিলেন এবং দুই যুবরাজ তাদের মায়ের কফিনের পেছনে হাঁটছিলেন।
উত্তরহীন প্রশ্নসমূহ
ফরাসি তদন্তকারীরা ১৯৯৯ সালে সিদ্ধান্তে পৌঁছন, হেনরি পল মাদক ও প্রেসক্রিপশন ওষুধের প্রভাবে মার্সিডিসের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। আর ওই সময় তাদের পেছনে ছিল পাপারাজিরা।
এ ছাড়া ২০০৮ সালে একটি ব্রিটিশ অনুসন্ধানে বলা হয়, পলের অবহেলাপূর্ণ গাড়ি চালনা ও পাপারাজিদের তাড়া ‘অবৈধ হত্যার’ কারণ।
তবু ষড়যন্ত্রতত্ত্ব চলছেই—একটি সাদা ফিয়াট উনো গাড়ি ডায়ানার গাড়িটিকে হালকাভাবে পাশ দিয়ে ধাক্কা দিয়েছিল বলে ধারণা করা হয়। আবার ডায়ানার নোটে লেখা ছিল, ‘আমার গাড়িতে দুর্ঘটনা হতে পারে।’
ডায়ানার সর্বকনিষ্ঠ সন্তান প্রিন্স হ্যারি তার স্মৃতিকথা স্পেয়ারে উল্লেখ করেছেন, তিনি নিজেই সুড়ঙ্গ দিয়ে গাড়ি চালিয়েছেন। তিনি বলেছেন, ‘সেখানে কেউ মারা যাওয়ার মতো কোনো কারণ নেই।’ তিনি ও প্রিন্স উইলিয়াম পরে একমত হয়েছেন, প্রতিবেদনে ‘উত্তর দেওয়ার থেকে বেশি প্রশ্ন উত্থাপন করা হয়েছে’।
এদিকে এই সপ্তাহে খবর এসেছে, নেটফ্লিক্সের সঙ্গে প্রিন্স হ্যারির তার মায়ের ওপর একটি তথ্যচিত্র প্রযোজনায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: কালের কণ্ঠ










