সিল্কসিটিনিউজ ডেস্ক :
দ্ধ-সংঘাত, সীমান্তে উত্তেজনা আর বাণিজ্য বিরোধে কাঁপছে পৃথিবী। বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে এ বছরই সর্বাধিক রাষ্ট্রভিত্তিক সংঘাতের রেকর্ড করেছে ‘গ্লোবাল পিস ইনডেক্স’ (জিপিআই)। শুধু চলতি বছরেই নতুন করে তিনটি বড় যুদ্ধ শুরু হয়েছে। দেশগুলো সামরিক খাতে ব্যয় বাড়াচ্ছে দ্রুত।
তবুও সব অন্ধকার ভেদ করে কয়েকটি দেশ শান্তিকে অগ্রাধিকার দিচ্ছে। প্রায় দুই দশক ধরে এই তালিকায় শীর্ষে একই নাম—যা প্রমাণ করে, দীর্ঘমেয়াদি শান্তিনীতির সুফল কতটা গভীর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতবেদনে তুলে ধরা হয়েছে নিরাপদ তালিকার শীর্ষে থাকা দেশগুলোর বর্তমান পরিস্থিতি।

আইসল্যান্ড
২০০৮ সাল থেকে একটানা বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড।
নিরাপত্তা, চলমান সংঘাত ও সামরিকীকরণ—সব সূচকে শীর্ষে রয়েছে দেশটি। এ বছর আরও ২% উন্নতি করেছে তারা।
আইসল্যান্ডবাসীর কাছে নিরাপত্তা মানে কেবল আইন নয়, সম্প্রদায়ের আস্থা। বাসিন্দা ইনগা রোস আন্তোনিউসদোত্তির বলেন, ‘এখানে রাতে হাঁটতে ভয় লাগে না, পুলিশ অস্ত্র বহন করে না।
ক্যাফের বাইরে প্রায়ই শিশুরা প্র্যামে ঘুমিয়ে থাকে, বাবা-মা নিশ্চিন্তে আড্ডা দেন।’
আয়ারল্যান্ড
এক সময় সংঘাতে জর্জরিত আয়ারল্যান্ড এখন শান্তির প্রতীক। সামরিকীকরণ কমানোর জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে দেশটি। নিরাপত্তা ও সামাজিক আস্থার সূচকেও রয়েছে শীর্ষ দশে।
দেশটির বাসিন্দা জ্যাক ফিটসিমন্স বলেন, ‘এখানে মানুষ একে অপরের খোঁজ রাখে।
অচেনা কাউকেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়।’
আন্তর্জাতিক অঙ্গনে আয়ারল্যান্ড সামরিক নিরপেক্ষতা বজায় রাখে এবং কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান খোঁজে।
নিউজিল্যান্ড
এই বছর দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে এসেছে নিউজিল্যান্ড। সন্ত্রাসবাদ বা বিক্ষোভজনিত ঝুঁকি অনেকটাই কমেছে।
কঠোর অস্ত্র আইন ও সামাজিক আস্থা নিরাপত্তার মূল ভিত্তি। মিশা ম্যানিক্স-ওপি বলেন, ‘এখানে গাড়ি নষ্ট হলে পথচারীরা থেমে সাহায্য করবে, শিশুরা হেঁটে স্কুলে যায়, অনেক বাড়ির দরজাই খোলা থাকে।’
কিউই সংস্কৃতিতে প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কও বাসিন্দাদের শান্তি এনে দেয়। যেমন, সৈকতভ্রমণ, পাহাড়ে হাঁটা কিংবা আকাশের নিচে তারার সঙ্গে সময় কাটানো।
অস্ট্রিয়া
তালিকার চতুর্থ স্থানে অস্ট্রিয়া। সংবিধানেই সামরিক নিরপেক্ষতার নীতি তাদের বড় শক্তি। ফলে সামরিক খাতে নয়, জনগণের কল্যাণে ব্যয় হয় বড় অংশ।
অস্ট্রিয়ার টিরোল অঞ্চলের আরমিন পফুর্টশেলার বলেন, ‘এখানে মানুষ রাতে নদীর ধারে হেঁটে বেড়ায়, বাড়ি-গাড়ি তালাবন্ধ না রেখেও নিশ্চিন্তে থাকে। নিরাপত্তা কেবল পরিসংখ্যান নয়, জীবনের অনুভূতি।’
সিঙ্গাপুর
এশিয়ার মধ্যে একমাত্র দেশ হিসেবে শীর্ষ দশে সিঙ্গাপুর (৬ষ্ঠ স্থান)। মাথাপিছু সামরিক ব্যয় বিশ্বের অন্যতম সর্বোচ্চ হলেও অভ্যন্তরীণ নিরাপত্তায় দেশটি অনন্য।
বাসিন্দা জিনরুন হান জানান, ‘রাতে একা হেঁটে বাড়ি ফিরলেও ভয় লাগে না। শহরের ভেতরে যেমন সুরক্ষিত অনুভব করি, সেটিই আসল শান্তি।’










