সিল্কসিটিনিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সদর মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী দুই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার রাতে মামলা দুটির চার্জশিট দাখিল করা হয়।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকার দশতলা বিল্ডিংয়ের সামনে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের লোকজন হামলা চালায়।
ওই হামলায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল লতিফ নামের এক রিকশাচালক মারা যান। পরে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর তার বাবা মো. নেজাবুদ্দিন ১২ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় ১২ জনকে আসামি করেছিলেন। মামলাটির তদন্তের জন্য পিবিআইয়ের কাছে স্থানান্তর করা হয়।
সেই সঙ্গে তদন্ত শেষে মামলায় উল্লিখিত ১২ জনসহ আরও দুজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।
অন্যদিকে, একই বছরের ১৯ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শহরের দেওভোগ মার্কেটের সামনে গুলিবিদ্ধ হোন রাসেল নামের এক হোসিয়ারি শ্রমিক মারা যান। ওই ঘটনায় গত বছরের ২৭ আগস্ট রাসেলের বাবা পিন্টু রহমান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এই মামলাটিও তদন্তের জন্য পিবিআইয়ের কাছে স্থানান্তর করা হয়।
সেই সঙ্গে তদন্ত শেষে মামলায় উল্লিখিত ১৫ জনসহ আরও ১৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।
আব্দুল লতিফের মামলায় চার্জশিটে অভিযুক্তরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সেক্রেটারি ইয়াসিন মিয়া, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, নাসিকের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, আশরাফ, ইয়াসিন আরাফাত রাসেল, আবু বকর সিদ্দিক, সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল ও ওমর ফারুক।
আর রাসেল হত্যা মামলায় চার্জশিটে অভিযুক্তরা হলেন সাবেক এমপি শামীম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, আজমেরী ওসমান, আওয়ামী লীগ নেতা আব্দুল করিম বাবু, কবির, সম্রাট, ছাত্রলীগ নেতা রিয়াদ, আরাফাত খান, রাফেল, আরমান, রাসেল প্রধান, শামীম ওসমানের শ্যালক তানভীর টিটু, আওয়ামী লীগ নেতা হেলাল, সাজনু, বাবু, মিনহাজুল ভিকি, রাজু আহম্মেদ, শাহ নিজাম, অ্যাডভোকেট খোকন সাহা, এমআরকে রিয়েন রায়হান, ছাত্রলীগ নেতা শুভ্র, ফেন্সি মহিউদ্দিন, অনুপ কুমার সাহা, মজনু চৌধুরী, বকুল, আসলাম, এসএম রানা, উজ্জ্বল, আওয়ামী লীগ অনুসারী নিয়ামত উল্লাহ, রফিকুল ইসলাম, আরিফুল হক ফাহিম, সোয়াদ, মনির হোসেন তালুকদার।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ‘দুটি হত্যা মামলারই চার্জশিট বর্তমানে আমলি আদালতে রয়েছে। এর মধ্যে আব্দুল লতিফ হত্যা মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর।
আর রাসেল হত্যা মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী ১১ সেপ্টেম্বর।’









