সিল্কসিটিনিউজ ডেস্ক:
বুধবার কাবুলে একত্র হয়েছিলেন পাকিস্তান, চীন ও আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীরা। এর আগে মে মাসেও বেইজিংয়ে একই ধরনের বৈঠক হয়েছিল। বুধবারের বৈঠক ছিল গত ১২ সপ্তাহে তাদের দ্বিতীয় বৈঠক। বৈঠকের পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু হয়।
যে সম্পর্ক দীর্ঘ উত্তেজনার পর ভেঙে গিয়েছিল। পাশাপাশি আলোচনার ক্ষেত্র তৈরি হয় চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণের জন্য।
সিপিইসি হচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশ। এর লক্ষ্য এশিয়া, আফ্রিকা ও ইউরোপকে বন্দর, রেলপথ ও মহাসড়কের মাধ্যমে যুক্ত করা।

বিশ্লেষকরা বলছেন, চীন সিপিইসি সম্প্রসারণ করতে চাইলেও পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি স্থাপনের উদ্যোগ মূলত তাদের নিরাপত্তা উদ্বেগ থেকেই আসছে। বর্তমানে চীন যেমন পাকিস্তানের গুরুত্বপূর্ণ সহযোগী, তেমনি আফগান তালেবানের সঙ্গেও সম্পর্ক জোরদার করছে।
চীন নিজেকে এই দুই প্রতিবেশীর মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। চীনের মতে, সিপিইসি ও বৃহত্তর বিআরআই প্রকল্প সফল করতে হলে পাকিস্তান ও আফগানিস্তানে স্থিতিশীলতা আনতে হবে।
২০১৫ সালে চালু হওয়া ৬২ বিলিয়ন ডলারের সিপিইসি পাকিস্তানের অর্থনীতির জন্য ‘গেম চেঞ্জার’ হিসেবে বিবেচিত হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রকল্পের অগ্রগতি মন্থর হয়েছে। চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চীন সফরে গিয়ে সিপিইসির দ্বিতীয় ধাপ আনুষ্ঠানিকভাবে শুরু করবেন বলে আশা করা হচ্ছে।
চীন রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন, সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং অর্থনৈতিক প্রণোদনা দিয়ে পাকিস্তান ও আফগানিস্তানকে কাছে টানতে চাইছে। তবে এখন পর্যন্ত এর ফল সীমিত।
এক পাকিস্তানি কূটনীতিক বলেছেন, চীনের কাছে রাজনৈতিক, অর্থনৈতিক ও আর্থিক সক্ষমতা আছে পরিবর্তন আনার। তবে তিনি প্রশ্ন তুলেছেন, চীন কি কেবল মধ্যস্থতাকারী থাকবে, নাকি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আনুষ্ঠানিক গ্যারান্টর হিসেবে কাজ করবে। তার ভাষায়—‘চীন নিশ্চয়ই এই ভূমিকা নিতে পারে, কারণ উভয় দেশই তাদের বিশ্বাস করে। তবে তারা আসলেই তা করবে কি না, তা এখনো দেখার বিষয়।’
তবে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক এখনো তিক্ত। একসময় পাকিস্তান ছিল তালেবানের প্রধান পৃষ্ঠপোষক। তবে এখন ইসলামাবাদ অভিযোগ করছে, তালেবান পাকিস্তানবিরোধী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। অন্যদিকে তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে তারা আফগান শরণার্থীদের মানবাধিকার লঙ্ঘন করছে।
চীনের সবচেয়ে বড় উদ্বেগ হলো নিরাপত্তা। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে চীনা প্রকল্প ও নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে। সরকারিভাবে বলা হয়েছে, বর্তমানে প্রায় ২০ হাজার চীনা নাগরিক পাকিস্তানে বসবাস করছে এবং ২০২১ সাল থেকে বিভিন্ন হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। চীন আফগান মাটিতে সক্রিয় পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট (ইটিআইএম) নিয়েও উদ্বিগ্ন।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের আফগানিস্তান থেকে সরে যাওয়ার পর দক্ষিণ এশিয়ায় প্রধান ভূ-রাজনৈতিক শক্তি হিসেবে চীন উঠে এসেছে। পাকিস্তান-আফগান নিরাপত্তা সমস্যা সমাধান না হলে সিপিইসি তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারবে না। চীনা গবেষকরা বলছেন, বেইজিং দীর্ঘদিন ধরেই চায় আফগানিস্তানকে সিপিইসির আওতায় আনতে। তবে চীনা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও কম্পানিগুলোকে আফগানিস্তান ও পাকিস্তানে বিনিয়োগে রাজি করানো কঠিন হতে পারে। কারণ ঝুঁকি অনেক বেশি।
অন্যদিকে নিরাপত্তা গবেষকরা বলছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা উন্নত না হলে চীনের প্রকল্প ঝুঁকির মুখে থাকবে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগান মাটিতে সক্রিয় থাকায় এবং বেলুচ বিদ্রোহীরাও আশ্রয় পাওয়ায় বেইজিং ইসলামাবাদ ও কাবুলকে নিরাপত্তা নিয়ে আলোচনায় বসতে চাপ দিচ্ছে।










