সিল্কসিটিনিউজ ডেস্ক :
এটি হবে ব্রিটিশ সরকারের বৈদেশিক দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া শিশুদের প্রথম দল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব শিশুকে বাছাই করবে। তারা পরিবারের সদস্যদের সঙ্গে তৃতীয় কোনো দেশের মাধ্যমে যুক্তরাজ্যে পৌঁছবে, যেখানে তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে।

গত সপ্তাহে ক্রস-পার্টির ৯৬ জন এমপি সরকারকে সতর্ক করে বলেন, গাজার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হওয়ায় শিশুদের জীবন হুমকির মুখে রয়েছে। তাই তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যাপারে যেকোনো বাধা দ্রুত সরাতে হবে।
যদিও এর আগে কিছু শিশু বেসরকারি উদ্যোগে প্রজেক্ট পিওর হোপ নামের সংস্থার সহায়তায় যুক্তরাজ্যে এসেছে, সরকারি উদ্যোগে এখন পর্যন্ত কাউকে আনা হয়নি।
চিকিৎসা শেষে তাদের গাজায় ফেরানো কঠিন হওয়ায় কিছু শিশুকে আশ্রয়প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বলছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৫০ হাজারেরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে।
সরকারি পরিকল্পনায় যুক্তরাজ্যে আসা শিশুদের এনএইচএসে চিকিৎসা দেওয়া হবে। আগস্টের শুরুতে সরকার জানিয়েছিল, একটি ক্রস-পার্টি টাস্কফোর্স দ্রুত পরিকল্পনা করছে যাতে ‘গাজার গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া যায়’।
স্বরাষ্ট্র দপ্তর আগেই জানিয়েছে, শিশু ও তাদের অভিভাবকের বায়োমেট্রিক পরীক্ষা ভ্রমণের আগে সম্পন্ন করা হবে।
যুদ্ধ শুরুর পর থেকে শত শত অসুস্থ ফিলিস্তিনিকে অন্য দেশে নেওয়া হয়েছে।
জাতিসংঘ সতর্ক করেছে, গাজায় ব্যাপক অপুষ্টি ছড়িয়ে পড়ছে। সম্প্রতি সংস্থাটির পৃষ্ঠপোষকতায় করা এক প্রতিবেদনে বলা হয়, গাজায় বাস্তবে ‘দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি’ তৈরি হচ্ছে।
এদিকে ইসরায়েল দাবি করছে, গাজায় ত্রাণ পাঠাতে তারা কোনো বাধা দিচ্ছে না, বরং জাতিসংঘ ও অন্যান্য সংস্থাই তা পৌঁছাতে ব্যর্থ হচ্ছে।
হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে গাজায় ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন অপহৃত হওয়ার পর ইসরায়েল এ অভিযান শুরু করে।










