সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের বৃহত্তম উল্কাপিণ্ড নিলামে, মালিকানা নিয়ে বিতর্ক

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের বৃহত্তম উল্কাপিণ্ড নিলামে, মালিকানা নিয়ে বিতর্ক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড বিক্রি নিয়ে আন্তর্জাতিক বিতর্ক শুরু হয়েছে। ৫৪ পাউন্ড (২৫ কিলোগ্রাম) ওজনের এই পাথরটি ২০২৩ সালের নভেম্বর মাসে নাইজারের বিশাল সাহারা মরুভূমি থেকে উদ্ধার হয়। সোথবি’স-এর নিলাম তালিকা অনুযায়ী, এটি এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় মঙ্গলের উল্কাপিণ্ড। সোথবি’স বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম চারুকলা নিলামকারী প্রতিষ্ঠান।

এদিকে নাইজার সরকার জানিয়েছে, নিলামের পর তারা এ বিষয়ে তদন্ত শুরু করবে। দেশটির সরকারের ভাষায়, এই বিক্রি ‘আন্তর্জাতিক অবৈধ পাচারের সকল বৈশিষ্ট্য’ বহন করছে। শুক্রবার সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মূল্যবান পাথর এবং উল্কাপিণ্ডের রপ্তানি স্থগিত করেছে।

তবে সোথবি’স-এর পাচারের অভিযোগ অস্বীকার করে বলেছে, উল্কাপিণ্ডটি ‘নাইজার থেকে সব প্রাসঙ্গিক আন্তর্জাতিক প্রক্রিয়া মেনে রপ্তানি করা হয়েছে।

’ তবুও চলমান বিতর্কের প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনার আওতায় আনা হয়েছে বলে সংস্থার এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন।
সোথবি’স-এর তালিকায় উল্লেখ আছে, ‘এই পাথরটি মহাকাশে ১৪ কোটি মাইল ভ্রমণ করে, পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে সাহারা মরুভূমিতে পতিত হয়।’ আবিষ্কারের পর খসখসে, গেরুয়া রঙের পাথরটি এক আন্তর্জাতিক বিক্রেতার কাছে বিক্রি হয়। পরে ইতালিতে সংক্ষিপ্ত প্রদর্শনীর পর নিউইয়র্কের নিলাম ক্যাটালগে জায়গা পায়।

আমেরিকান জীবাশ্মবিদ পল সেরেনো দীর্ঘদিন ধরে নাইজার সরকারের সঙ্গে কাজ করছেন। তিনি বলেছেন—সব তথ্যই ইঙ্গিত করছে যে, উল্কাপিণ্ডটি ‘অবৈধভাবে’ দেশটি থেকে বেরিয়ে গেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যিনি এটি পেয়েছেন, বিক্রেতা, ক্রেতা—সবার পরিচয় গোপন। যদি কেউ বেসবল গ্লাভস পরে আকাশ থেকে পড়ার সময় এটি ধরে ফেলত, তাহলে দাবি করতে পারত… কিন্তু দুঃখিত, এটি এখানে পড়েছে। এটি নাইজারের সম্পদ।

’
উল্কাপিণ্ডের মালিকানা আইন দেশভেদে ভিন্ন। যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত জমিতে উল্কাপিণ্ড পড়লে মালিকের অধিকার থাকে। কিন্তু নাইজারে ‘জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য’ আইন অনুযায়ী বিরল খনিজ নমুনাগুলো রাষ্ট্রের সম্পদ।

ফ্রান্সের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের অধ্যাপক মথিয়ু গুনেল ও তার বাবা অধ্যাপক ম্যাক্স গুনেল জানিয়েছেন, এই আইনের আওতায় উল্কাপিণ্ড অবশ্যই সুরক্ষিত সম্পদের তালিকায় পড়বে। আইনি জটিলতা ও সম্ভাব্য পাচার নেটওয়ার্কের বিষয় ছাড়াও, এই বিক্রি বৈজ্ঞানিক নীতিশাস্ত্র নিয়েও প্রশ্ন তুলছে।

এনডব্লিউএ ১৬৭৮৮ নামে পরিচিত এই উল্কাপিণ্ড অন্যান্য মঙ্গলীয় উল্কাপিণ্ডের তুলনায় অনেক বড় এবং লাল গ্রহের ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে অনেক রহস্য এতে রয়েছে।

বিজ্ঞানীরা মনে করেন, মঙ্গলগ্রহে একটি গ্রহাণু আঘাত করার সময় এটি মহাকাশে ছিটকে গিয়েছিল। সেরেনো বলেন, ‘এটি প্রকৃতির ঐতিহ্য, এক অর্থে বিশ্বের ঐতিহ্য। যা আমাদের মহাবিশ্ব সম্পর্কে শিক্ষা দিচ্ছে। আমাদের এটিকে সম্মান করা উচিত। উল্কাপিণ্ডটি কারো ব্যক্তিগত ড্রয়িংরুমে হারিয়ে যাওয়ার জিনিস নয়।’

সূত্র : এএফপি।