সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক কি বাণিজ্যচুক্তির জট কাটাবে?

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক কি বাণিজ্যচুক্তির জট কাটাবে?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারত–মার্কিন বাণিজ্য সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই নতুন করে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য মার্কিন সফর।

কূটনৈতিক সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের শেষের দিকে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে চলা জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার জন্য আমেরিকা যেতে পারেন মোদি। যদিও ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও আন্তর্জাতিক মহলে এই সফর নিয়ে জোর জল্পনা চলছে।

জাতিসংঘের ওই বৈঠকে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ একাধিক বিশ্বনেতা। বৈঠকের ফাঁকে মোদি–ট্রাম্পের দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনাও বাতিল করা যাচ্ছে না।

কূটনীতিকদের মতে, যদি এমন বৈঠক হয়, তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি, আমদানি শুল্ক, এবং রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে আমেরিকার আপত্তি।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে মোদির প্রথম আমেরিকা সফরে ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দেওয়া হলেও পরবর্তী সময়ে পরিস্থিতি বদলে যায়।

একতরফাভাবে ভারতীয় পণ্যের উপর ৫০% আমদানি শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, যা দিল্লির কাছে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

এমনকি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে—রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে আরও অর্থনৈতিক শাস্তি আরোপ হতে পারে। মোদির তরফে এই শুল্ক নীতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়াও এসেছে।

সেপ্টেম্বরের এই সম্ভাব্য বৈঠককে তাই দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে, এই সফরের সময় ট্রাম্প–পুতিন বৈঠকের ফলাফলও ভারতীয় কূটনীতিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে আছে, শুল্কযুদ্ধের এই আবহে মোদি–ট্রাম্প কি নতুন কোনও সমাধানের পথে হাঁটবেন কিনা।