সিল্কসিটিনিউজ ডেস্ক:
কলম্বিয়ার সেনেটর ও প্রেসিডেন্ট প্রার্থী মিগেল উরিবে মারা গেছেন। দুই মাস আগে নির্বাচনী প্রচারণার সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। ৩৯ বছর বয়সি উরিবে গত ৭ জুন বোগোটায় ২০২৬ সালের নির্বাচনে নিজ দলের মনোনয়ন পেতে প্রচারণা সভায় বক্তব্য দেওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন।
উরিবে কলম্বিয়ার রক্ষণশীল বিরোধীদল ডেমোক্র্যাটিক সেন্টারের একজন সদস্য ছিলেন।

তিনি এসেছিলেন বিশিষ্ট এক রাজনৈতিক পরিবার থেকে।
তার স্ত্রী মারিয়া ক্লাউডিয়া তারাজোনা সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছেন, ‘ঈশ্বর যেন আমাকে তোমাকে ছাড়া বাঁচতে শেখার পথ দেখান। শান্তিতে থেকো, আমার জীবনের ভালোবাসা, আমি আমাদের সন্তানদের যত্ন নেব।’
গত সপ্তাহান্তে রাজধানীর সান্তা ফে ফাউন্ডেশন হাসপাতাল জানিয়েছিল, স্নায়ুতন্ত্রে রক্তক্ষরণের কারণে উরিবের অবস্থা অবনতির দিকে গেছে।
সোমবার রাত ১টা ৫৬ মিনিটে (স্থানীয় সময়) তার মৃত্যু হয়।
দলের নেতা ও সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবে এক্স-এ লিখেছেন, ‘অশুভ শক্তি সবকিছু ধ্বংস করে দেয়; তারা সব আশা শেষ করে দিয়েছে।’
রয়টার্স জানিয়েছে, গুলির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ১৫ বছরের এক কিশোরও আছে—যে গুলি চালিয়েছিল বলে অভিযোগ।
পুলিশ বলছে, হামলার ‘মূল পরিকল্পনাকারীদের’ খোঁজ এখনো চলছে।
ওই কিশোর গ্রেপ্তারের সময় জানিয়েছিল, তাকে স্থানীয় এক মাদক ব্যবসায়ী ভাড়া করেছিল।
উরিবের পরিবারের ইতিহাসও রক্তাক্ত। তার মা, সাংবাদিক ডায়ানা তুরবাই, ১৯৯১ সালে মেদেলিন কার্টেলের হাতে অপহরণের পর ব্যর্থ উদ্ধার অভিযানে নিহত হন।
২৫ বছর বয়সে বোগোটা সিটি কাউন্সিলে নির্বাচিত হয়েছিলেন উরিবে, যেখানে তিনি তখনকার মেয়র গুস্তাভো পেত্রোর (বর্তমান প্রেসিডেন্ট) কঠোর সমালোচক ছিলেন।
২০২২ সালের নির্বাচনে তিনি সেনেটে ডেমোক্র্যাটিক সেন্টারের তালিকায় শীর্ষে ছিলেন।
স্ত্রী, এক ছেলে, দুই সৎমেয়ে ছাড়াও বাবা ও বোন রেখে গেছেন উরিবে।










