সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

‘মদ্যপ ও নগ্ন অবস্থায়’ রিসোর্টে ঘোরায় সাময়িক বরখাস্ত পাইলট

নিউজ ডেস্ক১১ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
‘মদ্যপ ও নগ্ন অবস্থায়’ রিসোর্টে ঘোরায় সাময়িক বরখাস্ত পাইলট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাতাল ও নগ্ন অবস্থায় একটি বিলাসবহুল হোটেলে ঘুরে বেড়াতে দেখা যাওয়ার অভিযোগ পাওয়ার পর ইজিজেট একজন ক্যাপ্টেনকে সাময়িক বরখাস্ত করেছে।

দ্য সান জানিয়েছে, নাম না জানা ওই পাইলটকে গত ৫ আগস্ট ভোরে কেপ ভার্দের একটি পাঁচতারা রিসোর্টে কোনো পোশাক ছাড়াই হাঁটতে দেখা যায়। এর আগে তিনি একটি বারে দীর্ঘ সময় ধরে মদ্যপান করেছিলেন। এ ঘটনার ৩৬ ঘণ্টারও বেশি সময় পর গ্যাটউইকে ফেরার একটি ফ্লাইট চালানোর কথা ছিল তার।

কিন্তু এয়ারলাইনটি এ ঘটনার অভিযোগ পাওয়ার পর তাকে সরিয়ে দিয়ে অন্য একজন পাইলটকে দায়িত্ব দেয়।
ইজি জেটের একজন মুখপাত্র বলেছেন, এখন ওই পাইলটের বিরুদ্ধে তদন্ত চলছে এবং যাত্রী ও ক্রুর নিরাপত্তা তাদের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ক্যাপ্টেন গত ৪ আগস্ট পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্রটির মেলিয়া ডুনাস বিচ রিসোর্ট অ্যান্ড স্পায় পৌঁছন এবং পৌঁছেই মদ্যপান শুরু করেন। পরের দিন স্থানীয় সময় রাত আড়াইটায় হোটেলের অতিথিরা তাকে পোশাক ছাড়া রিসেপশনে ঢুকতে দেখেন, পরে তিনি জিম ও স্পা এলাকায় যান।

পত্রিকাটি আরো জানিয়েছে, ‘পাইলটের গায়ে এক টুকরা কাপড়ও ছিল না এবং তার শরীর থেকে মদের গন্ধ বের হচ্ছিল।’

নাম প্রকাশে অনিচ্ছুক এয়ারলাইনের এক সূত্রকে উদ্ধৃত করে পত্রিকাটি আরো বলেছে, ‘যদি কেউ ভোরবেলায় কোনো ফ্লাইটের আগের দিন পাইলটকে নগ্ন অবস্থায় মাতাল হয়ে ঘুরে বেড়াতে দেখেন, তিনি ওই লোকের নিয়ন্ত্রণে থাকা বিমানে ওঠার কথা কল্পনাও করবেন না।’

ওই পাইলটের ৬ আগস্ট বিকেলে চার হাজার ৩১৮ কিলোমিটার দূরত্বের গ্যাটউইক ফেরার ফ্লাইট চালানোর কথা ছিল, কিন্তু তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ইজিজেটের মুখপাত্র বলেন, ‘আমরা বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গে পাইলটকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, আমাদের প্রক্রিয়া অনুযায়ী, তদন্ত চলা পর্যন্ত।

আমাদের যাত্রী ও ক্রুর নিরাপত্তা ইজি জেটের সর্বোচ্চ অগ্রাধিকার।’