সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির বৈঠকের ‘সময়সূচি’ নির্ধারণের কাজ চলছে : জেডি ভ্যান্স

নিউজ ডেস্ক১১ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির বৈঠকের ‘সময়সূচি’ নির্ধারণের কাজ চলছে : জেডি ভ্যান্স

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি বৈঠকের ‘সময়সূচি’ নির্ধারণের জন্য কাজ করছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রবিবার এই তথ্য জানিয়েছেন। আগামী ১৫ আগস্ট আলাস্কায় নির্ধারিত মার্কিন-রাশিয়া শীর্ষ সম্মেলনে ইউক্রেনের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউরোপীয় মিত্ররা চাপ দিচ্ছে।

ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচারস অনুষ্ঠানে ভ্যান্স বলেন, ‘সবচেয়ে বড় অচলাবস্থাগুলোর একটি ছিল— ভ্লাদিমির পুতিন কখনো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বসবেন না বলে জানিয়েছিলেন।

প্রেসিডেন্ট এখন সেই অবস্থান বদলাতে সক্ষম হয়েছেন।’
তিনি আরো বলেন, ‘আমরা এখন এমন এক পর্যায়ে আছি, যেখানে মূলত সময়সূচি ও অন্যান্য বিষয় ঠিক করার চেষ্টা চলছে। যাতে তিন নেতা বসে এই সংঘাতের অবসান নিয়ে আলোচনা করতে পারেন।’

ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র এমন একটি আলোচনাভিত্তিক সমঝোতা খুঁজছে, যা রাশিয়া ও ইউক্রেন উভয়েই মেনে নিতে পারবে।

তবে তার মতে, ‘ফলাফলে কেউই খুব খুশি হবে না—রাশিয়ান ও ইউক্রেনিয়ান উভয় পক্ষই শেষ পর্যন্ত অসন্তুষ্ট থাকতে পারে।’
আলাস্কায় জেলেনস্কিকে বাদ দিয়ে পরিকল্পিত মার্কিন-রাশিয়া বৈঠক নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে যে, এতে ইউক্রেনকে বড় অংশের ভূখণ্ড ছাড়তে হতে পারে, যা ইউরোপীয় ইউনিয়ন স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।

মার্কিন ন্যাটো রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটাকার সিএনএনকে জানান, জেলেনস্কি সম্মেলনে যোগ দিতে পারেন। শুক্রবার ট্রাম্প ও পুতিনের সঙ্গে জেলেনস্কির বসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই এটি সম্ভব।

এতে সংশ্লিষ্ট সবাই রাজি না হলে কোনো চুক্তি হতে পারে না। আমাদের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার এই যুদ্ধের অবসান ঘটানো।’
এদিকে গত তিন দিনে জেলেনস্কি ১৩ জন বিদেশি নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন, যার মধ্যে জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো ইউক্রেনের প্রধান সমর্থকরাও রয়েছেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস রবিবার বলেন, তিনি আশা করছেন এবং ধরে নিচ্ছেন যে জেলেনস্কি সম্মেলনে যোগ দেবেন।

হুইটাকার জানান, শেষ পর্যন্ত জেলেনস্কিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত ট্রাম্পের ওপর নির্ভর করবে।

যদি তিনি মনে করেন এটি সর্বোত্তম পদক্ষেপ, তবে তিনি আমন্ত্রণ জানাবেন। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সূত্র : এএফপি