সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইউক্রেনে মস্কোর হামলায় নিহত ৫, রুশ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত

নিউজ ডেস্ক১০ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
ইউক্রেনে মস্কোর হামলায় নিহত ৫, রুশ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মস্কোর নতুন করে চালানো গোলাবর্ষণ ও ড্রোন হামলায় রবিবার ইউক্রেনে পাঁচজন নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। অন্যদিকে কিয়েভ রাশিয়ার সারাতোভ অঞ্চলের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়া সংঘাত সমাধানে একটি শীর্ষ সম্মেলন আয়োজনে সম্মত হলেও যুদ্ধক্ষেত্রে লড়াইয়ে কোনো বিরতি দেখা যায়নি। তবে এখন পর্যন্ত ইউক্রেনকে সম্মেলনে অন্তর্ভুক্ত করা হয়নি।

ইউক্রেনের জাতীয় পুলিশ জানিয়েছে, রুশ গোলাবর্ষণে জাপোরিঝঝিয়া অঞ্চলে তিনজন নিহত ও একজন আহত হয়েছে। পাশাপাশি পূর্বাঞ্চলে তীব্র লড়াই চলা দোনেৎস্কতে আরো দুই বেসামরিক নিহত হয়েছে।

এ ছাড়া কৃষ্ণ সাগর উপকূলীয় শহর ওডেসায় তিনজন সমুদ্রস্নানকারী মাইন বিস্ফোরণে নিহত হয়েছে। তারা এমন একটি নিষিদ্ধ এলাকায় সাঁতার কাটতে গিয়ে মাইনের সঙ্গে ধাক্কা খায়, যেটি সম্ভাব্য রুশ নৌ আক্রমণ ঠেকাতে পাতা হয়েছিল।

অন্যদিকে ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, তাদের ড্রোন রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সারাতোভে একটি বৃহৎ তেল শোধনাগারে আঘাত হেনেছে, যা যুদ্ধক্ষেত্রে থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে।

সারাতোভের গভর্নর রোমান বুসারগিন শুধু অস্পষ্টভাবে বলেছেন, ‘একটি শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে’ এবং ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। পাশাপাশি রাশিয়ার বেলগোরোদ অঞ্চলেও একজন নারী নিহত হয়েছেন বলে স্থানীয় গভর্নর জানিয়েছেন। এই এলাকাটি যুদ্ধক্ষেত্রের কাছাকাছি হওয়ায় প্রায়ই ইউক্রেনীয় হামলার শিকার হয়।

কিয়েভ তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালিয়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা মস্কোর ক্ষয়িষ্ণু যুদ্ধের অর্থায়ন সক্ষমতাকে দুর্বল করার চেষ্টা করছে। এসবই রুশ রাষ্ট্রীয় বাজেটের মূল অর্থের উৎস।

ইউক্রেনের সেনাবাহিনী আরো দাবি করেছে, তারা সুমি অঞ্চলের বেজসালিভকা গ্রামটি রুশ বাহিনীর কাছ থেকে পুনর্দখল করেছে, যদিও সাম্প্রতিক সময়ে রুশ বাহিনী বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে।

রুশ আক্রমণের মূল লক্ষ্য এখন ইউক্রেনের পূর্বাঞ্চল, যেখানে তারা গত কয়েক মাসে তুলনামূলকভাবে স্বল্প সজ্জিত প্রতিপক্ষের বিরুদ্ধে অগ্রগতি বাড়িয়েছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে সাক্ষাৎ করবেন, দীর্ঘস্থায়ী সংঘাতের সমাধান চেষ্টা করতে।

যদিও ইউক্রেন ও ইউরোপ সতর্ক করেছে, আলোচনায় অবশ্যই কিয়েভকে অন্তর্ভুক্ত করতে হবে।