নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় রেজাউল ইসলাম রকি (৩৬) নামের এক পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) দুপুরে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের সাহাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রেজাউল ইসলাম রকি ওই এলাকার এস এম লুৎফর রহমানের ছেলে।
তিনি সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১৯ আগস্ট সোমবার রাতে সান্তাহার পৌরসভার তিয়রপাড়া মোড়ে যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ আগস্ট ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. আসিক হোসেন বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ ২০০ জনকে আসামি করে থানায় মামলা করেন।
এ মামলার আসামি পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল ইসলাম রকিকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে রকিকে আদালতে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’








