সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পত্রিকায় দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একজন সাবেক এমপির কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা আদায় করে নিয়েছে। এতে বেদনায় একেবারে নীল হয়ে গেছি। এই পরিণতি কি আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষ কি কেউ এটা
চেয়েছিল?’
গতকাল সোমবার রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী যুবদলের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, এক বছরও হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কী? প্রিয় সহকর্মী যোদ্ধারা (যুবদলের
নেতাকর্মী) এই কথাগুলো এ জন্য বলছি, গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে। তরুণ-যুবক যারা বদলে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে, হাসিনাকে ক্ষমতার পতন ঘটিয়ে তাঁকে দেশ থেকে বিতাড়িত করেছে।
তিনি বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে নতুন বাংলাদেশ গড়ার; আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা কারো কাছে মাথা নত করব না, অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকি না।
শেখ হাসিনার বিচার শুরু হলো না কেন, প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, ‘কোথায় হাসিনার বিচার? এখন পর্যন্ত আমরা তেমন কিছু দেখতে পেলাম না। এক বছর হয়ে গেল, হাসিনার বিচারকাজ শুরু হলো না কেন? এখনো পর্যন্ত সেই সব হত্যাকারী ঘোরাফেরা করছে, যারা প্রকাশ্যে হত্যা করেছিল। আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্কবিতর্ক করছি, এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছি, যা বাংলাদেশকে আরো পিছিয়ে দিতে পারে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যু্বদলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতারা।









