২৫ বছরের অভিনয়জীবন। তারকা অভিনেত্রী না হলেও শোবিজের পরিচিত মুখ মৌ শিখা। স্বামীকে হারিয়েছেন, সন্তান বড় করেছেন, তাঁদের বিয়েও দিয়েছেন। আজও অভিনয় করে যাচ্ছেন।
করে যাচ্ছেন বেঁচে থাকার সংগ্রাম। এখনো তিন থেকে পাঁচ হাজার টাকা পারিশ্রমিকের জন্য দর-কষাকষি করতে হয় তাঁকে। এসব দুঃখের কথা এত দিন চেপে রেখেছিলেন শিখা। শুক্রবার রাতে ক্ষোভে ফেটে পড়েছেন অভিনেত্রী।
সেদিন রাতে অভিনেত্রী তাঁর রওশন আরা বেগম নামের ফেসবুক আইডি থেকে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি টিভিনাটকের শিল্পীদের বর্তমান কর্মহীন অবস্থার বিস্তারিত তুলে ধরেন। তিনি লেখেন, ‘আমি মৌ শিখা। অনেক বছর থেকে অভিনয় করে আসছি।
এত দিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম, কিন্তু আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম, সেখানে আড়াই মাস যাবৎ মাসে চার-পাঁচ দিন কাজ করছি। তাহলে কিভাবে মনে হবে আমি অভিনয়শিল্পী? অভিনয় করেই আমার সংসার চলে। তবে আমি জানি, বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে। হয়তো বলবে আহারে, মহিলা তো কত ভালো ছিল, কত সহজ-সরল ছিল, কারো সাতপাঁচে ছিল না, কারো সামনে-পিছনে ছিল না।
আহারে মহিলাটার আত্মার শান্তি পাক!’
তিনি আরো লেখেন, ‘বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে, কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারব, জানি না। তবে আমার অনুরোধ, আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না, আমাকে মনে করারও কোনো দরকার নেই।’
মৌ শিখার এই পোস্ট নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে চারদিকে। সাধারণ থেকে অভিনয়শিল্পী, কারোই চোখ এড়ায়নি। অভিনেত্রী মনিরা মিঠু, কাজী নওশাবা আহমেদ, ইমতু রাতিশ, রেশমা আহমেদসহ অনেকেই এই পোস্ট শেয়ার করে নিজেদের বক্তব্য জানিয়েছেন। মুনিরা মিঠু পরিচালকদের কাছে অনুরোধ জানিয়ে বলেন, ‘মানুষটিকে কাজ দিয়ে বাঁচিয়ে রাখুন প্লিজ।’ নওশাবা লিখেছেন ছোট্ট একটি বাক্য, ‘শিল্পীর জীবন।’