ছবিঘর

অর্পার আদর্শ মা, নিয়মিত হতে চান শান

নিউজ ডেস্ক২০ জুলাই ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পুরনোদের জায়গা ছেড়ে দিতে হয়—এটাই নিয়ম। সময়ের নিয়মে টিভি নাটক, ওটিটি ও চলচ্চিত্রে এসেছে একঝাঁক নবীন অভিনয়শিল্পী। আকাশছোঁয়ার স্বপ্ন তাদের। এখান থেকেই কেউ হয়তো হবেন ভবিষ্যতের শাকিব খান-অপূর্ব বা শাবনূর-জয়া আহসান।

 এমন ১০ জনকে নিয়ে লিখেছেন হৃদয় সাহা। ধারাবাহিকভাবে আজ থাকছে দুজনের গল্প। মেলিতা মেহজাবিন অর্পা ও চৌধুরী গোলাম দস্তগীর শান। 

মেলিতা মেহজাবিন অর্পাবাবা উপস্থাপক-অভিনেতা শফিউল আলম বাবু, মা কবি ও অভিনেত্রী নাবিলা আলম পলিন।

এমনকি ভাই অন্তিকও ছোটবেলায় হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করেছেন। অর্পারও অভিনয় জগতে অভিষেক হুমায়ূন আহমেদের ধারাবাহিক ‘কালা কইতর’-এ। তখন অর্পার বয়স মাত্র ছয় মাস। পরে বহু নাটক, সিনেমায় অভিনয় করেছেন।
 পরিণত হওয়ার পর প্রথম কাজ ‘আলী’, কাল শুক্রবার মুক্তি পাবে ছবিটি। ছবির প্রধান নারী চরিত্রটি করেছেন অর্পা। মুক্তির অপেক্ষায় আছে ‘ফ্রম বাংলাদেশ’। 

অর্পার প্রিয় অভিনেতা ক্রিশ্চিয়ান বেল ও ডাকোটা জনসন, রণবীর কাপুর, শহিদ কাপুর, দীপিকা পাড়ুকোন। বাংলাদেশের আফরান নিশো ও জয়া আহসানও তাঁর প্রিয়।

তবে অভিনয়ে আদর্শ মানেন মা নাবিলা আলম পলিনকে।অর্পা বলেন, “একেবারে শিশুকাল থেকেই অভিনয় করেছি। শামীম আখতার আমাকে নিয়ে বানিয়েছিলেন ‘মেঘনার একাত্তর’। ‘আলী’তেও আমি মূল চরিত্রে অভিনয় করেছি। অভিনেত্রী হিসেবে আমার আদর্শ মা। কারণ মাকে দেখেছি অভিনয়কে কিভাবে তিনি লালন করেন।”

এ বছর উচ্চ মাধ্যমিক দেবেন, তাই আপাতত অভিনয় থেকে বিরতিতে আছেন। অভিনেত্রীর পাশাপাশি ফ্যাশন ডিজাইনার হতে চান অর্পা।

চৌধুরী গোলাম দস্তগীর শান

২০১৫ সালে বিশ্বকাপ ক্রিকেটের সময় গ্রামীণফোনের ‘চলো বাংলাদেশ’ শিরোনামের বিজ্ঞাপনচিত্র দিয়ে শানের শোবিজযাত্রা শুরু। পরে বহু বিজ্ঞাপনচিত্র করেছেন। অভিনয়ে এসেছেন আদনান আল রাজীবের ‘বিকেল বেলার পাখি’তে, সেখানে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন শান।

গোলাম দস্তগীর শান বলেন, “এরপর ‘মডার্ন টাইমস’ও করি। তবে বড় চরিত্রে সুযোগ পাই ‘বিএনজি’ সিরিজে, সেখান থেকে সবাই চিনতে শুরু করে। গত বছর ‘রুমি’ আর এবারের ঈদে ‘চক্কর ৩০২’তে অভিনয় করার পর প্রশংসিত হই। বিশেষ করে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমদের মতো সিনিয়দের মুখে আমার প্রশংসা শুনে ভীষণ অনুপ্রাণিত হই। তাঁরা যখন অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য বলেন, তখন পুলকিত অনুভব করি।”

সামনে আরো কিছু নাটক আসবে শানের। অভিনয়ের বাইরে নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করছেন তিনি।