পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় পুঠিয়া পি এন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করেন। এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পুঠিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম ম্যাচে স্বাগতিক পুঠিয়া উপজেলা একাদশ ও চারঘাট উপজেলা একাদশ অংশ নেয়। খেলায় চারঘাট উপজেলা একাদশকে ৫-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে পুঠিয়া উপজেলা একাদশ। বৈরি আবহাওয়ার মধ্যেও পুরো মাঠে দর্শক উপস্থিতি ছিলে চোখে পড়ার মত।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে, এম, নূর হোসেন নির্ঝর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, টুর্নামেন্ট আয়োজন এবং বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তৌফিকুর রহমান রতন, ভেন্যু প্রস্তুত উপ-কমিটির আহ্বায়ক ডালিম হোসেন শান্ত, সদস্য মেহেদী হাসান পুলক ও পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল মামুন খান প্রমুখ।
এই টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা ও রাজশাহী সিটি করপোরেশনের ১টি দলসহ মোট ১০টি দল অংশগ্রহণ করছে। পর্যায়ক্রমে তিনটি ভেন্যুতে পুঠিয়া, মোহনপুর, রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে এই খেলাগুলো অনুষ্ঠিত হবে।










