জাতীয়

‘মে-জুনে রাজপথ দখলের টার্গেট আ.লীগের!’

নিউজ ডেস্ক২২ এপ্রিল ২০২৫৫ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশ রূপান্তরের দ্বিতীয় প্রধান খবর— মে-জুনে রাজপথ দখলের টার্গেট আ.লীগের! এই খবরে বলা হয়েছে, গণঅভুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাজপথে নামার ছক তৈরি করেছে। আগামী মে ও জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা দলটির নেতাকর্মীদের। আর নির্দেশনা অনুযায়ী সারা দেশে এখন ঝটিকা মিছিল বের করছেন তারা।

তবে, দেশ ‘অস্থিতিশীল’ করার এই ঝটিকা মিছিল রুখতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, গত তিন দিনে সারাদেশ থেকে ৪ হাজার ৭৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার তিন ভাগের দুই ভাগই আওয়ামী লীগের সদস্য।

এদিকে, আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এই প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেন।

তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপাতত ফান্ডের সমস্যা’। বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে পারছে না। তাই প্রতি জেলায় ঝটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে।

নিম্নপর্যায়ের যেসব নেতাকর্মী বিদেশে আছেন, তাদের বাংলাদেশে পাঠানো হবে, এমন নির্দেশনা থাকার কথাও জানান তিনি।

নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে— সংবাদের প্রধান শিরোনাম এটি।

এই খবরে বলা হয়েছে, নকশা না মেনে নির্মাণাধীন ঢাকার তিন হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল সোমবার ‘সমস্যার নগরী ঢাকা: সমাধান কোন পথে?’ শীর্ষক নগর সংলাপে এ কথা জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম।

এ সময় তিনি বলেছেন, অবৈধ ভবনগুলোর নির্মাণকাজ স্থগিত রাখতে নির্দেশ দেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে এসব ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হবে। প্রথম ধাপে সেবা সংযোগ বিচ্ছিন্ন, ফৌজদারি মামলা দায়ের, নকশা বাতিল এবং প্রয়োজনে ভবনগুলো সিলগালা করার পরিকল্পনা নেয়া হয়েছে।

ইতিমধ্যে যারা বাড়ি করে ফেলেছেন, সেগুলোর ক্ষেত্রে পরে ব্যবস্থা নেয়া হবে বলে জানান রাজউক চেয়ারম্যান। তিনি বলেন, সব কাজ একসঙ্গে করা সম্ভব নয়। তবে নির্মাণাধীন ভবনে কোনো ব্যত্যয় থাকবে না, সেটা নিশ্চিত করছি।

রাজউকের নতুন করে প্লট বরাদ্দ দেয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানান মো. রিয়াজুল ইসলাম। আরও জানালেন, বেদখল হওয়া প্লটগুলো উদ্ধার করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির জন্য আবাসনের ব্যবস্থা করবেন।
সমকালের প্রধান শিরোনাম— আট পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রথম প্রতিবেদন।

এই খবরে বলা হয়েছে, গত জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় আটজনকে অভিযুক্ত করে প্রসিকিউশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।

চব্বিশের জুলাই-অগাস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার এটিই প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। ১৯৫ দিন তদন্ত শেষে গত রোববার প্রতিবেদনটি জমা দেয়া হয়।

এই তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তিরা হলেন– ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আক্তারুল ইসলাম, সাবেক এসি মো. ইমরুল, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, তিন কনস্টেবল সুজন, ইমাদ হোসেন ও নাসিরুল ইসলাম। এদের মধ্যে চারজন পলাতক।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে এ পর্যন্ত ২২টি মামলা (বিবিধ মামলা) হয়েছে।

এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ৫৪ জন গ্রেপ্তার হলেও বাকি ৮৭ জন পলাতক।

জাতীয় ন্যূনতম মজুরির সুপারিশ— আজকের পত্রিকার প্রধান শিরোনাম এটি। এ সংক্রান্ত খবর অন্যান্য দৈনিকও গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, দেশের সব শ্রমিকের জন্য একটি ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা, জাতীয় স্থায়ী শ্রম কমিশন গঠন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাসহ ২৫ ধরনের সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন।

গতকাল সোমবার প্রধান উপদেষ্টা ড . মুহাম্মদ ইউনূসের হাতে এসব সুপারিশসংবলিত প্রতিবেদন তুলে দেন কমিশনের সদস্যরা।

এই প্রতিবেদনে শ্রমিকের সংজ্ঞা পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এছাড়া ‘মহিলা’কে মহিলা না বলে ‘নারী’ বলা, মালিককে ‘মালিক’ না বলে ‘নিয়োগকারী’ বলা এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের ‘তুই-তুমি’ সম্বোধন না করার সুপারিশ করা হয়েছে।

কমিশন খাতভিত্তিক শ্রমিকদের মধ্যে গাড়িচালকদের কাজের সময় সর্বোচ্চ ১২ ঘণ্টা নির্ধারণের কথা বলেছে। কৃষিশ্রমিকের দৈনিক মজুরি ৮০০-১০০০ টাকা করা, শ্রমিকদের জন্য ‘আবাসন তহবিল’ গঠন, পরিবার ও সন্তানদের জন্য ‘রেশন শপ’ চালু করারও সুপারিশ করেছে।

শ্রমিকদের জন্য ‘বেকারত্ব ভাতা চালু এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও কল্যাণবিষয়ক অধিদপ্তর করার জন্যও সুপারিশ করা হয়েছে।

সংস্কার কমিশনের সুপারিশে সব শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতির কথা বলা হয়েছে।

সর্বজনীন মাতৃত্বকালীন সুরক্ষার জন্য এই কমিশনের করা সুপারিশে বলা হয়েছে, সব নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি সবেতনে ৬ মাস করার উদ্যোগ গ্রহণ করবে রাষ্ট্র।

এই প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় কয়েকশ নতুন মাদক ব্যবসায়ীর তথ্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। যারা ভিন্ন পেশার আড়ালে ঢাকাসহ বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলে নানা ধরনের মাদকদ্রব্য সরবরাহ করছে।

ডিএনসির গোয়েন্দা সূত্র বলছে, বর্তমানে ইয়াবার পাচারও বেড়েছে। কক্সবাজার ছাড়াও সিলেট ও কুমিল্লা সীমান্ত দিয়ে ইয়াবার পাচার বেড়েছে।

সংশ্লিষ্ট সংস্থার তথ্য বলছে, গত বছরের তুলনায় চলতি বছরের শুরুতে ইয়াবা, ফেনসিডিল, বিদেশি মদ ও ইনজেকটিং ড্রাগ জব্দের পরিমাণ বেড়েছে। যেখানে গত বছর গড়ে প্রতি মাসে ১৯ লাখ চার হাজার ৮১৩ পিস ইয়াবা জব্দ করা হয়, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতেই ৩৯ লাখ ৮৫ হাজার ২০৫ পিস ইয়াবা জব্দ করা হয়। অন্যান্য মাদকদ্রব্য উদ্ধারও বেড়েছে।

এছাড়া, গত বছর প্রতি মাসে গড়ে মামলা হয়েছে পাঁচ হাজার ৭০৫টি। এ বছর জানুয়ারিতেই মাদকদ্রব্যসংক্রান্ত মামলা হয়েছে ছয় হাজার ১৬৬টি।

গত বছর সাত হাজার ৭১ জন আসামি গ্রেপ্তার হয়েছে, আর গত জানুয়ারিতেই এ সংখ্যা সাত হাজার ৫০৫ জন। সূত্র: বিবিসি বাংলা