সিল্কসিটিনিউজ ডেস্ক :
আপনার শরীরের সঙ্গে জড়িয়ে থাকবে পোশাক। স্পষ্ট হয়ে উঠবে শরীরী অঙ্গ। নজরকাড়া হয়ে উঠতে এমন পোশাক বেছে নিয়েছেন আপনি। আবার কেউ কেউ মাপছাড়া-খাপছাড়া ভুল মাপের পোশাক কিনে ফেলেছেন। ফেলে দেওয়া যাবে না ভেবেই ছোট মাপের অন্তর্বাস পরেন দিনের পর দিন। শরীরচর্চার সময়েও অনেকে বেছে নেন আঁটসাঁট পোশাক। আঁটসাঁট পোশাক অনেক সময় দেখতে ভালো লাগে— এটা ঠিক। কিন্তু তাই বলে সেগুলো শরীরের পক্ষেও কি ভালো?
এ নিয়ে অতীতেও একাধিক গবেষণা হয়েছে। যাতে উঠে এসেছে শরীরের ওপর চেপে বসা পোশাক, অন্তর্বাস হোক কিংবা দস্তানা বা অন্য কিছু— অতিরিক্ত আঁটসাঁট কোনো পোশাকই ভালো নয়। বরং স্নায়ুর ওপরে তার চাপ পড়তে পারে। এ বিষয়ে চিকিৎসক কী বলছেন তা জেনে নিন।

‘ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন’ জার্নালে প্রকাশিত ২০১৬ সালের একটি গবেষণাপত্র বলছে— অতিরিক্ত আঁটসাঁট পোশাকে কাঁধ নাড়াতে ও হাতের সঞ্চালনে সমস্যা হয়। যার প্রভাব পড়ে স্নায়ুতন্ত্রেও।
মেডিসিনের চিকিৎসক নরেন্দ্র সিংঘলা বলেন, আঁটসাঁট পোশাক পরার অভ্যাস শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। ত্বকের ওপরে তো বটেই, ক্ষেত্রবিশেষে স্নায়ুতেও চাপ পড়ে।
আঁটসাঁট পোশাক পরার অভ্যাসের কারণে আপনি যেসব সমস্যার সম্মুখীন হতে পারে, তা জেনে নিন।
ত্বকের সমস্যা
গরমের দিনে সুতির ঢিলেঢালা পোশাকই পরতে বলেন চিকিৎসকরা। পোশাকশিল্পীরা পোশাকের নকশা ও অভিনবত্বের পাশাপাশি পোশাকের আরাম নিয়েও ভাবেন। তারাও অতিরিক্ত আঁটসাঁট কিংবা খুলে পড়ে যাবে এমন ঢিলেঢালা পোশাক— কোনোটাই পরা উচিত নয়। চিকিৎসক নরেন্দ্র সিংঘলা বলেছেন, বিশেষত গরমের দিনে আঁটসাঁট পোশাক পরলে ত্বকে ঘাম জমে জ্বালা, চুলকানি ও র্যাশ হতে পারে। এ ধরনের পোশাকের সঙ্গে ত্বকের ঘষাঘষিতেই সমস্যা বাড়ে, যা হালকা পোশাকে হয় না।
স্নায়ুর ওপর প্রভাব
অতিরিক্ত আঁটসাঁট পোশাক ও অন্তর্বাস পরে শরীরচর্চা করলে শরীরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ইন্দোনেশিয়ার ‘ইন্টারন্যাশনাল ইসলামিক মেডিকেল জার্নাল’-এ প্রকাশিত গবেষণাপত্র বলছে, এমন পোশাক পরে শরীরচর্চা করলে নানাভাবে শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। আর দীর্ঘ সময় ধরে এমন পোশাক পরার অভ্যাসে স্নায়ুতে চাপ পড়তে পারে। ঝিঁঝি ধরা কিংবা কোনো স্থান অসাড় হয়ে যাওয়া— এমন অনেক কিছুই হতে পারে। এমনকি ব্যথা-যন্ত্রণাও অনেক সময় হতে পারে।
রক্ত সঞ্চালন
অতিরিক্ত আঁটসাঁট পোশাক পরলে রক্ত সঞ্চালনেও প্রভাব পড়তে পারে। রক্ত ঠিকমতো শরীরের সব প্রান্তে সঞ্চালিত না হলে তার নানা কুপ্রভাব পড়তে পারে। আরপেটের ওপর পোশাকের কারণে অতিরিক্ত চাপ তৈরি হলে হজমের সমস্যাও হতে পারে।
সূত্র: যুগান্তর









