সিল্কসিটিনিউজ ডেস্ক :
ব্রিটিশদের হাত ধরে এদেশে চা এলেও জিনিসটি মূলত চীনের। তার পর মশলা পড়ে চা হয়ে উঠল অতি দরকারি পানীয়। লিকার চা, লেবু চা, দুধ চা, মশলা দেওয়া দুধ চা-সহ নানা স্বাদের চা পাওয়া যায় এ দেশে।
সাধারণ ভাবে অনেকেই দুধ চা পান করে থাকেন।

এখন অবশ্য গ্রিন টি পান করার রেওয়াজ বেশ জনপ্রিয় হয়েছে। কিন্তু, কেউ কি কখনো আমলকি থেকে তৈরি চা পান করেছেন? শুনতে অবাক লাগলেও তা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
চলুন, বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নেওয়া যাক আমলকি চায়ের উপকারিতা সম্পর্কে।
বেশিরভাগ মানুষই আমলকির জুস খেতে পছন্দ করে বা কাঁচা খেতে পছন্দ করে।
কিন্তু কেউ কি কখনো আমলকি চা খেয়েছেন, যা সাধারণ চায়ের তুলনায় স্বাস্থ্যের জন্য বেশি উপকারী? কারণ আমলকিতে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, ফসফরাস, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের মতো পুষ্টি উপাদান রয়েছে।
ডায়েটিশিয়ানদের মতে, আমলকি পুষ্টির ভাণ্ডার, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যারা আমলকি থেকে তৈরি চা খান, তাদের হজম প্রক্রিয়া সম্পর্কিত কোনো সমস্যা হয় না। এ ছাড়া তাদের পেটও অনেক পরিষ্কার থাকে।
যারা আমলকি চা খান তাদের ত্বক ও চুল খুব স্বাস্থ্যকর থাকে। কারণ এতে পাওয়া ঔষধিগুণ আমাদের ত্বকে উজ্জ্বলতা আনতে সাহায্য করে। পাশাপাশি, আমলকি চা খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা যায়। এতে পাওয়া অ্যান্টি-ডায়াবেটিক উপাদান ডায়াবেটিসের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে।
অন্যদিকে, যারা ওজন কমাতে চান তাদের জন্যও আমলকি চা উপকারী বলে প্রমাণিত হয়েছে।
তাই গ্রিন টি বাদ দিয়ে ওজন কমানোর যাত্রায় আমলকি চা অন্তর্ভুক্ত করা যেতে পারে।
এসব ছাড়াও আমলকি চা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়। এতে পাওয়া ভিটামিন সি এবং বিভিন্ন পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
সূত্র: কালের কণ্ঠ









