সিল্কসিটিনিউজ ডেস্ক: সিলেট মহানগরের শিববাড়িতে অবস্থিত জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে নিরাপদে সব বাসিন্দাদের উদ্ধার করেছে সেনাবাহনীর প্যারা-কমান্ডো টিম। কিছুক্ষণ পরেই পাঁচতলা বাড়ির নিচতলায় থাকা জঙ্গি আস্তানায় অভিযান চালানো হবে বলে সংশ্লিষ্ট জানা গেছে।
শনিবার সকাল ৮টা থেকে ১৭ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের নেতৃত্বে অভিযান শুরু করে প্যারা কমান্ডো টিম। এখনও সেই অভিযান চলছে। সকাল ১০টার দিকে ওই বাড়িতে একদিন অবরুদ্ধ থাকা মানুষগুলোকে বের করে আনা শুরু হয়। নারী, শিশু ও বৃদ্ধদের আগে বের করা হয়। তাদের মেইন রোডে নিয়ে গাড়িতে করে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে।
আইএসপিআর এর পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান জানিয়েছেন, সিলেটের জঙ্গি আস্তানায় অভিযানে নারী ও শিশুসহ বেসামরিক লোককে উদ্ধার করেছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা। অভিযান খুবই সতর্কতার সঙ্গে ধীরগতিতে চালানো হচ্ছে। যাতে বেসামরিক লোকজনের কোনও সমস্যা না হয়।

এদিকে সাধারণ লোকজনকে জঙ্গি আস্তানা থেকে নিরাপদ দূরত্বে আটকে রাখা হয়েছে। আতিয়া মহলের আশপাশের লোকদের এর আগেই শুক্রবারই সরিয়ে নেওয়া হয়েছিল।
শনিবার সকাল ৮টার দিকে শিববাড়ির এই জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেন সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা। ৫০ জনের মতো প্যারা কমান্ডো ‘আতিয়া মহলের’ ভেতর প্রবেশ করেন বলে জানিয়েছেন অভিযান সংশ্লিষ্টরা। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনায় ক্রাইম ইউনিটের সোয়াত টিমের সদস্য ও পুলিশ বাড়ির বাইরে অপেক্ষা করছেন।
সূত্র: বাংলাট্রিবিউন









