রাজনীতি

‘আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না’

নিউজ ডেস্ক৩ মার্চ ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগ না করার ঘোষণা দিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহিতর ঘোষণা দিয়ে কামাল আহমেদ মজুমদার বলেন, ‘আমি রাজনীতি থেকে একেবারে অব্যাহতি নিলাম। আওয়ামী লীগের সাধারণ সদস্য থেকে অব্যাহতি নিয়েছি।

এদিন কামাল আহমেদ মজুমদারসহ ছয়জনকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। সকাল ১০টার দিকে পুলিশ প্রহরায় তাদের হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন। তখন বিচারক এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে বিচারক তাকে কথা বলার অনুমতি দেন।
কামাল আহমেদ মজুমদার আক্ষেপ করে বলেন, ‘আমার ৭৬ বছর বয়স। আমার চোখে সমস্যা। ৭০ শতাংশ নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সম্পর্কে কোন খোঁজ-খবর নিতে পারছি না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না। রাজনীতি থেকে ইস্তেফা দিলাম। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। এখন থেকে প্রাথমিক সদস্য পথ থেকেও পদত্যাগ করলাম।

গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে কারাগারে আটক রয়েছেন কামাল আহমেদ মজুমদার। সূত্র: কালের কণ্ঠ