সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, বিএনপি কখনোই ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ ও বিশ্বাস করে না। ছাত্র-জনতার অভ্যুত্থানের ছয় মাস পরে রাজধানীসহ সারা দেশে যে জ্বালাও পোড়াও ভাঙচুরের ধ্বংসাত্মক ঘটনাগুলো ঘটছে, তা কোনোভাবেই কাম্য নয়। বিএনপি কোনোভাবেই এগুলো সমর্থন করে না।
শনিবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত একজনকে অটোরিকশা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, সরকারের উচিত কঠোরভাবে এসব দমন করা। তা না হলে দেশ এক ভয়াবহ বিশৃংখল পরিস্থিতির দিকে চলে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনও দীর্ঘায়িত হবে। নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া একটি দেশ কখনো সুষ্ঠুভাবে চলতে পারে না। সরকার নির্লিপ্ত না থেকে এগুলো দমন করা উচিত। তা না হলে সরকারের ওপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস চলে যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আমাদের দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা শুক্রবারের সভায় সিদ্ধান্ত নিয়েছেন, সোমবার সরকারের সঙ্গে দেখা করবেন। এ সাক্ষাতে ধানমন্ডির ৩২ নম্বরসহ বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাসহ চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
তিনি বলেন, আমরা চাই এদেশে আইনের শাসন কায়েম হোক এবং দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। কারণ জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে এ রকম বিশৃঙ্খল ঘটনা ঘটতেই থাকবে।
কায়সার কামাল এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা ও হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হোন। এ ব্যাপারে আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশ আছে। কেউ যদি কোনো ধরনের ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করেন, তাহলে দলীয়ভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আবারও স্পষ্ট করে বলতে চাই, বিএনপি কখনোই এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড বিশ্বাস করে না। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা হলেও আমার নিজ জেলা নেত্রকোনায় তা হয়নি। এজন্য প্রত্যেক নাগরিককে ধন্যবাদ জানাই।
বিএনপির এই নেতা এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ দুর্গাপুরের রাজিব মিয়াকে একটি হুইল চেয়ার এবং তার পরিবারের জন্য একটি ইজিবাইক উপহার হিসেবে দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গুলিবিদ্ধ হন নেত্রকোনার দুর্গাপুরের আহত রাজিব মিয়া (২৪)। আহত রাজিব দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাতারিয়া গ্রামের আইয়ুব আলী ও রাবিয়া খাতুনের ছেলে। তিনি গত ২০ জুলাই ঢাকার মোহাম্মাদপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে বাঁ পায়ে আঘাত পান।
ব্যারিস্টার কায়সার কামাল আহত রাজিবের চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথাও জানান।
এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার কে জামান বি এন এস বি চক্ষু হাসপাতাল ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ আনন্দমোহন কলেজের সাবেক অধ্যক্ষ জাকির হোসেন, ট্রাস্টি বোর্ডের নির্বাহী সদস্য শরিফুজ্জামান পরাগ, চক্ষুর চিকিৎসক রফিকুল ইসলাম, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা এমএ জিন্নাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভুঁইয়া, বিএনপি নেতা অধ্যক্ষ শহীদুল্লাহ খান, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, বাকলঝরা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সাত্তার সদস্য সচিব আনোয়ার খলিফা প্রমুখ।
সূত্র: যুগান্তর










