সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

‘সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদেরও অনিয়ম’

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০২৫২ মিনিট পড়া
‘সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদেরও অনিয়ম’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদেরও অনিয়ম— এটি সমকাল পত্রিকার প্রধান শিরোনাম। প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু আমূল বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেওয়া অন্তর্র্বতী সরকারের উপদেষ্টারা এখন সরকারি গাড়ি ব্যবহারের দিক থেকে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলের মন্ত্রীদের দেখানো পথে হাঁটছেন। সরকারি গাড়ি ব্যবহারের ক্ষেত্রে কোনও নিয়ম-নীতির ধার ধারছেন না সরকারের উপদেষ্টারা।

বিধি অনুযায়ী, উপদেষ্টাদের একটি করে সরকারি গাড়ি পাওয়ার কথা। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে কোনও কোনও উপদেষ্টা নিজের ও দপ্তরের নামে তিন থেকে চারটি সরকারি গাড়ি দখলে রেখেছেন। সংশ্লিষ্ট উপদেষ্টা পরিবারের সদস্যরা সেই গাড়িতে সওয়ার হচ্ছেন।

শুধু তাই নয়, উপদেষ্টার একান্ত সচিব (পিএস), সহকারী একান্ত সচিব (এপিএস), জনসংযোগ কর্মকর্তারাও (পিআরও) কোনও কোনও ক্ষেত্রে সেসব গাড়ি ব্যবহার করছেন।

সমকালের অনুসন্ধান বলছে, অন্তর্র্বতী সরকারের ২২ উপদেষ্টার মধ্যে আটজন ছাড়া বাকি সবাই একাধিক সরকারি গাড়ি ব্যবহার করছেন। একমাত্র বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সরকারি কোনও গাড়িতেই চড়েন না। সরকারি কাজে তিনি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন।

বিশ্লেষকরা মনে করেন, জনগণের স্বার্থে অন্তর্র্বতী সরকার নিয়মের চর্চা প্রতিষ্ঠা করবে– এটিই সবার প্রত্যাশা। উপদেষ্টারা যেভাবে গাড়ি দেদার ব্যবহার করছেন, তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে— দৈনিক ইত্তেফাকের এই প্রধান শিরোনাম মূলত অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের করা একটি মন্তব্য, যা অন্যান্য পত্রিকারও প্রথম পাতায় এসেছে।

মূলত, গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় তিনি ওই কথা বলেন।

তিনি বলেন, “এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে এবং মিথ্যা ও অপতথ্য ছড়াচ্ছে। দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে।”

‘যুদ্ধকালীন পরিস্থিতি’র মতো সতর্ক থাকার জন্য তিনি নিরাপত্তা বাহিনীর প্রধানদের নির্দেশ দেন।

সেইসাথে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি ‘কমান্ড সেন্টার’ গঠনেরও নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

এ ব্যাপারে প্রধান উপদেষ্টা বলেন, “নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে, যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে।” সূত্র: বিবিসি বাংলা