সিল্কসিটিনিউজ ডেস্ক :
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘আগামী দিনে জামায়াতে ইসলামীর সমর্থন ছাড়া কেউই সরকার গঠন করতে পারবে না। ক্ষমতায় আসতে হলে জামায়াতে ইসলামীর সমর্থন লাগবে।’
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের কবি জসিমউদদীন হলে ফরিদপুর অঞ্চলের উপজেলা দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

ফরিদপুর জেলা জামায়াতের আয়োজনে হামিদুর রহমান আযাদ বলেন, ‘রাষ্ট্র সংস্কারে জামায়াতে ইসলামী ৪১ দফা প্রণয়ন করেছে।
এই ৪১ দফা হলো জামায়াতের নির্বাচনী ইশতেহার।’
জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী নির্বাচনের জন্য জনমত গঠনের বছর ২০২৫ সাল। নির্বাচনী কাজেই এ সময়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। আগামী নির্বাচনের আগে সারা দেশের প্রতিটি ওয়ার্ড-ইউনিয়নে জনগণের কাছে এই ৪১ দফা নিয়ে যেতে হবে।
জনগণের মাঝে ইসলামীে বিপ্লবের জাগরণ গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কী করবে তা ৪১ দফায় বর্ণনা করা হয়েছে।’
তিনি বলেন, বৃহত্তর ফরিদপুরে ১৫টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে তিনটি আসন বাদে ১২টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
এ সময় ১২টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ফরিদপুর আঞ্চলিক সহকারী মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের আঞ্চলিক শাখার সদস্য সামসুল ইসলাম আল বরাটি, অধ্যাপক আব্দুত তাওয়াব, মো. আব্দুস সোবহান ও মো. আজমল হোসাইনসহ বিভিন্ন এলাকা থেকে আসা জামায়াতের উপজেলা দায়িত্বশীলবৃন্দ।
সূত্র: কালের কণ্ঠ










