সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত রয়েছেন। এখন শুধু ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় রয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।
সোমবার (২৭ জানুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমেরিকার কাছ থেকে আমরা কোনো সংকেত পাইনি।
তবে আমাদের প্রস্তুতি রয়েছে। একই ধরনের প্রস্তুতি আমেরিকারও রয়েছে বলে আমরা শুনেছি।’
এর আগে ট্রাম্প বলেছিলেন ‘খুব দ্রুত’ পুতিনের সঙ্গে দেখা করতে চান। সে সময় ক্রেমলিন ট্রাম্পের মন্তব্যকে স্বাগত জানান।
কিন্তু এই বৈঠক কবে ও কিভাবে হতে পারে, তা নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই কোনো কিছু বলেনি।
মস্কো পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত জানিয়ে দিমিত্রি পেসকভ বলেছেন, তবে এবিষয়ে মার্কিন মিত্রদেরও (যুক্তরাজ্য ও ফ্রান্স) বিবেচনা করা উচিত।
‘পুরো বিশ্বের স্বার্থে, আমাদের দেশের জনগণের স্বার্থে, অবশ্যই আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই আলোচনা প্রক্রিয়া শুরু করতে আগ্রহী, তিনি বলেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রায় তিন বছর ধরে চলমান ইউক্রেন সংঘাত ঘিরে বিশ্বের এই দুই পারমাণবিক শক্তিধর দেশের সম্পর্ক স্নায়ুযুদ্ধের পর থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।
২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ট্রাম্প গত বৃহস্পতিবার বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে ‘শিগগিরই’ তিনি পুতিনের সঙ্গে বৈঠক করতে চান।









