সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঘন কুয়াশার কারণে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার সময় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কুয়াশার কারণে এ নৌরুটগুলোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে রাত সাড়ে ১২টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ম্যানেজার মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।









