সিল্কসিটিনিউজ ডেস্ক :
কলার মোচা অনেকের কাছেই প্রিয় একটা খাবার। মোচার মধ্যে রয়েছে ভিটামিন-সি, এ, ই, পটাসিয়াম, ফাইবার-সহ নানা পুষ্টিগুণ রয়েছে, যা স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানে কাজ করে মোচা। কলার মোচা দিয়ে বানাতে পারেন সুস্বাদ নানা পদ।
পাঁচটি রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ফারজানা বাতেন।
মোচা, নারকেল ভর্তা

উপকরণ :
মোচা ১টি
হলুদ গুঁড়া ১ চা চামচ
লবণ স্বাদমতো
পেঁয়াজ কুচি ১ কাপ
কাঁচা মরিচ ৬-৭টি
ধনে, জিরা গুঁড়া ১ চা চামচ
রসুন বাটা ১/২ চা চামচ
সাদা তিল ১ চা চামচ
নারকেল কোরানো ১/২ কাপ
সরিষার তেল ২ টেবিল চামচ
তেজপাতা ১টি।
কলার মোচার পাঁচ পদ
যেভাবে তৈরি করবেন
১. মোচা থেকে ফুল আলাদা করে ফুলের ভেতর শলাকার মতো সাদা অংশটি ফেলে দিয়ে লবণ-পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখুন।
২. এরপর মোচার ফুল লবণ দিয়ে সিদ্ধ করে বেটে/ব্লেন্ড করে নিন।
৩. প্যানে তেল দিয়ে গোটা জিরা ও পেঁয়াজ কুচি হালকা করে ভেজে, বাটা মসলাগুলো দিয়ে আরো ৫ মিনিট ভাজুন। এবার নারকেল ও গুঁড়া মসলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে বাটা ফুলগুলো দিয়ে, কাঁচা মরিচ বাটা, তিল বাটা ও লবণ দিয়ে নেড়ে নিন যেন পানি না থাকে।
৪. এরপর হয়ে এলে ওপরে নারকেল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
শুঁটকি দিয়ে মোচা ভুনা
উপকরণ :
কলার মোচা ১টি
ফাইসা শুঁটকি ৪/৫টি
হলুদ গুঁড়া আধা চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
কাঁচা মরিচ ৭-৮টি
পেঁয়াজ কুচি ৩টি
রসুন বাটা আধা চা চামচ
রসুন কুচি ২টি
আলু ১টি (কিউব কাট)
লবণ স্বাদমতো
তেল আধা কাপ।
কলার মোচার পাঁচ পদ
যেভাবে তৈরি করবেন
১. মোচা কেটে ধুয়ে নিন। এবার হলুদ গুঁড়া, পানি ও লবণ দিয়ে মোচা ভাপ দিন। এরপর মোচা ঝুড়িতে ঢেলে পানি ঝরিয়ে নিন। ফাইসা শুঁটকি ভালো করে ধুয়ে নিন।
২. এবার একটি প্যানে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন।
পেঁয়াজ বাদামি হলে এতে রসুন বাটা, কাঁচা মরিচ, হলুদ, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে দিয়ে দিন। অল্প পানি দিয়ে মসলা কষিয়ে তাতে ফাইসা শুঁটকি দিয়ে নাড়ুন।
৩. কিছুটা হয়ে এলে এবার এতে কলার মোচা, আলু দিয়ে দিন। এভাবে মিনিট পাঁচেক রান্না করুন। এর মধ্যে রসুন কুচি দিয়ে দিন।
তারপর কষানো হলে অল্প পানি দিয়ে আরো ৫-৭ মিনিট রান্না করুন। এরপর হয়ে এলে নামিয়ে সুন্দর করে সাজিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
চিংড়ি দিয়ে মোচার ঘণ্ট
উপকরণ :
মোচা বাটা ১টি
চিংড়ি আধা কেজি
কাঁচা মরিচ ৪-৫টি
রসুন বাটা ১ চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
লবণ স্বাদমতো
সরিষার তেল আধা কাপ
পেঁয়াজ কুচি ১ কাপ
ধনেপাতা কুচি সামান্য।
যেভাবে তৈরি করবেন
১. মোচা এবং অল্প চিংড়ি একসঙ্গে নিয়ে হলুদ, লবণ দিয়ে সিদ্ধ করে বেটে নিন।
২. কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভেজে বাকি চিংড়ি হালকা ভেজে এর মধ্যে সব মসলা দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে মোচা, চিংড়ি বাটা দিয়ে অনবরত নাড়তে থাকুন। লবণ দিন।
৩. তেল ছেড়ে আসতে থাকলে কাঁচা মরিচ চিরে দিন। হয়ে এলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়ে গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন।
রুই মাছ দিয়ে মোচার তরকারি
উপকরণ :
মোচা ১টি
রুই মাছ ৫-৬ টুকরা
আলু ২টি (কিউব কাট)
কাঁচা মরিচ ৪-৫টি
নারকেল বাটা ২ চা চামচ
সর্ষের তেল আধা কাপ
পেঁয়াজ কুচি ১টি
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
ধনে গুঁড়া আধা চা চামচ
লবণ ও চিনি স্বাদমতো
ধনেপাতা সামান্য।
কলার মোচার পাঁচ পদ
যেভাবে তৈরি করবেন
১. মোচা কেটে হলুদ, লবণ দিয়ে সিদ্ধ করে নিন।
২. কড়াইয়ে তেল গরম করে নিয়ে আলু টুকরা করে ভেজে নিতে হবে ও তারপর রুই মাছ, হলুদ, লবণ মেখে রাখুন।
৩. কড়াইয়ে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি, কাচা মরিচ চেরা দিয়ে একটু নেড়ে নিন। তারপর একে একে রসুন বাটা, হলুদ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া ও পরিমাণমতো লবণ দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে নারকেল বাটা দিয়ে আরো কিছুক্ষণ রেখে ভাজা আলু, সিদ্ধ মোচা দিয়ে দিন।
৪. এবার একটু নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিন। একটু কষানো হলে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে ঢেকে দিন।
৫. হয়ে এলে সামান্য পানি, সামান্য চিনি দিয়ে ৫-৭ মিনিট পর ওপর থেকে এক চামচ সরিষার তেল দিয়ে নামিয়ে ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
মোচার পোলাও
উপকরণ :
পোলাওয়ের চাল-৫০০ গ্রাম
মোচা ১টি মাঝারি সাইজ
আস্ত গরম মসলা দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, তেজপাতা ২টি করে
কাজুবাদাম ১০টি
সর্ষের তেল ৪ টেবিল চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
লবণ স্বাদমতো
চিনি ১ চা চামচ
নারকেল দুধ আধা কাপ
আস্ত জিরা ফোড়নের জন্য
আদা বাটা ১ চা চামচ
ভাজা গুঁড়া মসলা ২ চা চামচ
গোলাপজল, কেওড়াজল ১ টেবিল চামচ।
কলার মোচার পাঁচ পদ
যেভাবে তৈরি করবেন
১. মোচা কেটে হলুদ, লবণ দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। চাল ধুয়ে ভালো করে ঝরিয়ে রাখুন।
২. এরপর কড়াইয়ে তেল গরম করে জিরা, তেজপাতা, গরমমসলা ফোড়ন দিন। তাতে একে একে আদা বাটাসহ বাকি সব মসলা দিয়ে কষান। লবণ ও চিনি দিন অল্প।
৩. মসলা কষতে কষতেই সিদ্ধ করে রাখা মোচা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পানি, নারকেল দুধ দিন চালের দ্বিগুণ পরিমাণ।
৪. পানি ফুটলে চাল দিয়ে নাড়তে থাকুন। তারপর পানি কমে এলে আঁচ কমিয়ে গোলাপজল ও কেওড়াজল দিয়ে ঢেকে দমে বসিয়ে দিন।
৫. খেয়াল রাখবেন পানি শুকিয়ে চাল যেন একেবারে ঝুরঝুরে হয়ে যায়। এরপর এতে ভাজা মসলা ছড়িয়ে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
সূত্র: কালের কণ্ঠ









