সিল্কসিটিনিউজ ডেস্ক :
গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, বিগত ১৫ বছরে ও তার আগে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন ওসমান পরিবারের দাপটে নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছিল। ১৫ বছরে নারায়ণগঞ্জে যা হয়েছে তা দেশের ইতিহাসে ঘৃণিত অধ্যায়। এই নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে ওসমান পরিবার কিভাবে হত্যা করেছিল তা নারায়ণগঞ্জবাসী ভালো করেই জানে। তারা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করে সেভেন মার্ডারের ঘটনা ঘটিয়েছিল।
তারা খেলা হবে বলে হুংকার দিয়েছিল। কিন্তু খেলা শুরু হওয়ার আগেই খেলোয়াড়রা মাঠ ছেড়ে পালিয়ে গেছে। এই খেলোয়াড়রা নারায়ণগঞ্জে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার প্রতিবাদ করে আসছিলেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। আমাদের নেতাকর্মীরা ওসমান পরিবারের হুমকির মধ্যেই মাঠ পর্যায়ে কাজ করে গেছেন।

অনেকেই নানানভাবে লাঞ্ছিত হয়েছেন, ব্যাবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। কারণ পুরো প্রশাসনকে তারা দলীয়করণ করে রেখেছিল।
শুক্রবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় গণ অধিকার পরিষদের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদসহ আরো বিভিন্ন রাজনৈতিক দল আছে।
কিন্তু কোনো দলই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই। বরং রাজনৈতিক দলগুলোকে বিভিন্নভাবে টোপ দিয়ে, সুবিধা দিয়ে বিভক্ত করে রেখেছিল। আমরা যখন ২০২২ সালের ৩০ ডিসেম্বর থেকে বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দল শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা দাবি আদায়ে আন্দোলন করেছিলাম তখন অনেকেই রাজপথে আসে নাই। গোপনে গোপনে কেউ ডিজিএফআই থেকে টাকা খেয়ে, শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করে এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার চেষ্টা করে। কাজেই ছাত্র-জনতার রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া নতুন স্বাধীন বাংলাদেশে পরিবর্তন ঘটাতে গণ অধিকার পরিষদ পুরোদমে কাজ করে যাবে।
গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, নারায়ণগঞ্জ মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ হোসেন ভুঁইয়াসহ জেলা ও মহানগর গণ অধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সূত্র: কালের কণ্ঠ










