সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

শেখ হাসিনা জঘন্যতম জুলুমবাজ : মাসুদ সাঈদী

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০২৪৪ মিনিট পড়া
শেখ হাসিনা জঘন্যতম জুলুমবাজ : মাসুদ সাঈদী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, বিশ্বের সব স্বৈরশাসকের মধ্যে শেখ হাসিনা ছিলেন জঘন্যতম জুলুমবাজ। ফ্যাসিস্ট হাসিনার জুলুম-অত্যাচারের প্রতিবাদ করলেই তাদের গুম করে আয়নাঘরে বন্দী করে রাখতো।

শুক্রবার (১ নভেম্বর) রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের রানিবাড়ি চাঁদপুর পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ২৬ তম তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা মো. আব্দুল বাসিরের সভাপতিত্বে ও অধ্যাপক মাওলানা হামিদুজ্জমান ও ইসলমাী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় মাহফিলে তাফসীর পেশ করেন-দেশবরেণ্য আলেমে দ্বীন যশোরের মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের প্রভাষক অধ্যাপক মাওলানা তৈয়েবুর রহমান।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ড. মাওলানা কেরামত আলী।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, মাফিয়া সরকার হাসিনা যে পরিমাণ অত্যাচার-নিপীড়ন করেছে, তা এ দেশের মানুষ ভুলতে পারবে না। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পলাতকদের অবিলম্বে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। সেইসঙ্গে দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দিতে হবে।

তিনি বলেন, অতীতের সব ইসলাম বিরোধীদের ইসলাম নির্মূলের ষড়যন্ত্রের ধারাবাহিকতায় জালিম স্বৈরশাসক শেখ হাসিনা তার পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় নিবেদিত দল ও তাদের নেতৃবৃন্দের ওপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। জেল দিয়েছে, ফাঁসি দিয়েছে। কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে খুনি হাসিনার নির্দেশে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মাসুদ সাঈদী বলেন, ইসলামে সব ধরনের জুলুম অত্যাচার নির্যাতন কঠোরভাবে নিষিদ্ধ ও হারাম।

শুধু জুলুম নয়, জুলুমের সহযোগিতা করা এবং জালিমদের সঙ্গে সুসম্পর্ক ও ঘনিষ্ঠতা রক্ষা করাও হারাম। এ বিধান শুধু মুসলমান নয়, কোনো অমুসলিমের ওপর জুলুম করলেও তার জন্য একই হুকুম।

কাউকে মিথ্যা মামলায় ফাঁসানো, মিথ্যা সাক্ষ্য-রায় ও সাজা, কারো অধিকার হরণ, বিনা অপরাধে নির্যাতন, আর্থিক, শারীরিক কিংবা মানসিক ক্ষতিসাধন, মানহানিকর অপবাদ, অন্যায়ভাবে অন্যের সম্পদ দখল ইত্যাদি সব কাজই জুলুম- যোগ করেন তিনি।

জামায়াতের এই নেতা আরো বলেন, জুলুম কঠিন গুনাহের কাজ। মানবতার বিচারে জুলুম এতই অপছন্দনীয় যে, স্বয়ং আল্লাহ তায়ালা নিজের জন্যও এটি হারাম করেছেন।

হাদিসে কুদসিতে এসেছে, ‘হে আমার বান্দা, আমি নিজের ওপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করেছি। অতএব তোমরা একজন অন্যজনের ওপর জুলুম করো না।’

আল্লাহ জালিমকে ছাড় দেন। কিন্তু ছেড়ে দেন না। জালিমকে তার জুলুমের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। যারা জুলুম করে এমন কাউকে মহান আল্লাহ অতীতে ছেড়ে দেননি। তার শেকড় যতই শক্ত হোক। ফেরাউন ও নমরুদ তাদের শক্তির দাম্ভিকতায় নিজেদের রব বলে দাবি করেছে। স্বীয় ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং তার পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্য দেশের সব নবজাতক ছেলেসন্তানদের হত্যা করেছে। তারা নিজেদেরকে সর্ব ক্ষমতার অধিকারী ভেবেছিল। ঔদ্ধত্য দেখিয়েছিল। জুলুম করেছিল। কিন্তু এতকিছুর পরও তাদের শেষ রক্ষা হয়নি। বলেন মাসুদ সাঈদী।

শেখ হাসিনাকে বাংলার নমরুদ উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশের নমরুদ শেখ হাসিনাও একইভাবে তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য দেশের ছাত্র-যুবক, বৃদ্ধ সকলকে গণহারে হত্যা করেছে। শতসহস্র মানুষকে গুম করেছে। হাজারো মানুষকে চিরতরে পঙ্গু করেছে, দেশের অর্থনীতির ভীতকে ভেঙ্গে দিয়েছে। ব্যাংকের টাকা বোন, ছেলে-মেয়ে মিলে লুটপাট করে বিদেশে পাচার করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার গুম, খুন ও নির্যাতন বিশ্বের সব স্বৈরশাসককে হার মানিয়েছে।

তাফসীর মাহফিলে মাসুদ সাঈদী আরো বলেন, গণতন্ত্র ও জনগণের সার্বভৌমত্বের নামে দীর্ঘ ৫০ বছর যাবৎ দলীয় নেতাদের সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্ব চলছে। মানুষের মনগড়া সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতাদের নেতৃত্ব চলছে। যার কারণে মানুষ সুশাসন ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা, জঙ্গী তৎপরতা, গুম-খুন, ধর্ষণ ও মাদক ইত্যাদি মানবতাবিরোধী অপরাধের সয়লাবে জাতীয় জীবনে চরম দুর্ভোগ ও অশান্তি চলছে।

জনগণের জান মাল ও সম্পদ একমাত্র ইসলামী সরকারের কাছেই নিরাপদ উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলে জনগণের সম্পদ লুণ্ঠন হবে না, আমাদের নারীরা আর ধর্ষণের শিকার হবেন না এবং অবৈধভাবে সম্পদ বিদেশে পাচার হবে না। মানুষ তার হারানো অধিকার ফিরে পাবে। সেই লক্ষ্যে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করে দেশে সুশাসন ও সুষম অর্থ বণ্টনের মাধ্যমে সবাইকে প্রতিষ্ঠিত করা হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজশাহী মহানগরী জামায়াতের আমির শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ড. মাওলানা কেরামত আলী বলেন, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ইসলামী দল ও সমমনা চিন্তা-চেতনার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন-বিধানের ভিত্তিতে ইসলামী সমাজ গঠনের আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনের পথে সকল প্রকার বিরোধিতার মোকাবিলার দায়িত্ব আল্লাহর ওপর ছেড়ে দিয়ে সবর ও ক্ষমার নীতিতে দৃঢ় থেকে আল্লাহর ওপর পূর্ণ নির্ভরশীল হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।

মাহফিলে আরো বক্তব্য রাখেন চককীর্তি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা শাহ আলম, যাদবপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা একরামুল হক, মাওলানা হাসান আল মামুন, মাওলানা ইয়াসিন আলী, হাফেজ মাওলানা আজকারুল ইসলাম প্রমুখ।

 

সূত্র: কালের কণ্ঠ