সদ্য প্রকাশিত
খেলা

নিকোলসের সেঞ্চুরিতে এগিয়ে নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক১৭ মার্চ ২০১৭২ মিনিট পড়া
নিকোলসের সেঞ্চুরিতে এগিয়ে নিউজিল্যান্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এই টেস্টের আগে চোট ছিটকে দিয়েছে রস টেলর ও ট্রেন্ট বোল্টকে। ওয়েলিংটনের সবুজ গালিচায় কেন উইলিয়ামসন টস হেরে পেলেন ব্যাটিং। ২১ রানের মধ্যে পড়ল ৩ উইকেট, ১০১ রানে ৫টি। ওয়েলিংটন টেস্টের শুরুটা এর চেয়ে বাজেভাবে আর হতে পারত না নিউজিল্যান্ডের। অথচ দিন শেষে সেই নিউজিল্যান্ডই অনেকটা এগিয়ে আছে!

এর মূল কারিগর হেনরি নিকোলস। বাঁহাতি এই ব্যাটসম্যান তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তাতে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড পেয়েছে ২৬৮ রানের সংগ্রহ। জবাবে প্রথম দিন শেষে ২৪ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীরা এখনো পিছিয়ে আছে ২৪৪ রানে।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে বৃহস্পতিবার সকালে টস হেরে ব্যাট করতে নেমে দলের ১১ রানেই মরনে মরকেলের বলে ডিন এলগারকে ক্যাচ দিয়ে ফেরেন টম ল্যাথাম। এরপর আরেক পেসার কাগিসো রাবাদার পরপর দুই ওভারে ফেরেন উইলিয়ামসন আর অভিষিক্ত নিল ব্রুমও। তিনজনের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। নিউজিল্যান্ডের স্কোর তখন ৩ উইকেটে ২১!

এরপরই শুরু নিকোলসের লড়াই। চতুর্থ উইকেটে জিত রাভালের সঙ্গে ৫২ রানের জুটিতে প্রাথমিক চাপ সামাল দেন বাঁহাতি এই ব্যাটসম্যান। কিন্তু দ্রুত রাভাল (৩৬) ও জেমস নিশামের (১৫) উইকেট হারিয়ে আবার বিপদে পড়ে স্বাগতিকরা। দলের স্কোর যে তখন ৫ উইকেটে ১০১।

তবে ষষ্ঠ উইকেটে বিজে ওয়েটলিংকে সঙ্গে নিয়ে ১১৬ রানের দারুণ এক জুটি গড়েন নিকোলস। জানুয়ারিতে ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে ৯৮ করে আউট হয়েছিলেন। তবে ওয়েলিংটনে এবার আর ভুল হয়নি নিকোলসের। তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। জেপি ডুমিনির বলে বোল্ড হওয়ার আগে ১৬১ বলে ১৫টি চারের সাহায্যে খেলেন ১১৮ রানের মহামূল্যবান ইনিংস।

সেঞ্চুরিয়ানকে ফেরানো ডুমিনি পরে নিয়েছেন আরো ৩ উইকেট। ফিরিয়েছেন ওয়াটলিংকেও (৩৪)। নবম উইকেটে টিম সাউদি ও জিতান প্যাটেলের ৪৪ রানের জুটিতে অলআউট হওয়ার আগে নিউজিল্যান্ড তোলে ২৬৮। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২৭ রান করেন সাউদি। ১৭ রানে অপরাজিত ছিলেন প্যাটেল। ক্যারিয়ার সেরা ৪৭ রানে ৪ উইকেট নেন ডুমিনি।

শেষ বিকেলে ৭ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা। তাতে পঞ্চম ওভারে সাউদির বলে স্লিপে নিশামকে ক্যাচ দিয়ে ফেরেন স্টিফেন কুক (৩)। ষষ্ঠ ওভারে কলিন ডি গ্র্যান্ডহোমের বলে ওই নিশামকে ক্যাচ দিয়ে ফেরেন ডিন এলগারও (৯)। হাশিম আমলা শূন্য ও ‘নাইটওয়াচম্যান’ হিসেব নামা রাবাদা ৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন।

সূত্র :রাইজিংবিডি