সিল্কসিটিনিউজ ডেস্ক:
সোয়া শত কোটি মানুষের প্রত্যাশার চাপে যিনি কোনোদিনও ন্যূব্জ হননি সেই তিনিই কি না হতাশ হয়ে পড়লেন। যেখানেই যান কেবল একটি কথাই শোনেন, শততম সেঞ্চুরিটা কবে হচ্ছে? একটা সময় তো বিরক্ত হয়ে মিডিয়া ও মানুষের সামনে আসাই বাদ দিলেন। নিজেও ভাবছিলেন, কেন হচ্ছে না কাঙ্ক্ষিত সেই শতকটি।

২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টেই হতে পারত শততম সেঞ্চুরিটি। তবে ৯১ রানে ব্রেসনানের বলে আউট হয়ে সবাইকে অপেক্ষায় রাখেন শচীন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুম্বাইয়ে নব্বইয়ের ঘরে এসে আরেকবার পা হড়কান শচীন। ৯৪ রান করে স্যামির হাতে ধরা পড়েন। এর পরই ক্রিকেট বিশ্বজুড়ে কেবল একটিই আলোচনা কবে হচ্ছে শচীনের শততম সেঞ্চুরিটি?
২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৯তম শতকটির পর দীর্ঘ এক বছরের অপেক্ষা শেষে ঢাকার মাঠে শততম সেঞ্চুরিটির দেখা পান ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। বীরত্ব গাঁথা মঞ্চায়নের জন্য বাংলাদেশকেই বেছে নিলেন সর্বকালের সেরা এই ক্রিকেটার।
এশিয়া কাপের চতুর্থ ম্যাচে টাইগারদের বিপক্ষে ইনিংসের শুরুটা দারুণভাবে করেন শচীন। শফিউল ইসলামের করা ম্যাচের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে চার হাঁকিয়ে রানের খাতা খোলেন ‘লিটল মাস্টার’। মাশরাফি-সাকিবদের ওপর প্রথম থেকেই চড়াও ছিলেন তিনি। প্রথম চারটি স্কোরিং শট থেকে তুলে নেন চার চারে ষোল রান। তবে অর্ধশতকে পৌঁছার ক্ষেত্রে কিছুটা সাবধানী ছিলেন। ৭৫ বলে পূর্ণ করেন অর্ধশতক।
সাকিব আল হাসানের করা ৪৪তম ওভারের চতুর্থ বলটা স্কয়ার লেগে ঠেলে দিয়েই দুই হাতে ব্যাট ও হেলমেট উঁচিয়ে, চিরাচরিত ভঙ্গিতে শতক উদযাপন করেন টেন্ডুলকার। ১৩৮ বলে শততম সেঞ্চুরিটি আসে আধুনিক ডনের। মাশরাফি বিন মর্তুজার বলে আউট হওয়ার আগে ১১৪ রান করেন শচীন।
টেন্ডুলকারের শতকের সুবাদে পাঁচ উইকেটে ২৮৯ রানের ভালো সংগ্রহ গড়ে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু তামিম ইকবাল (৭০), জহুরুল ইসলাম (৫৩) ও নাসির হোসেনের (৫৪) তিনটি অর্ধশতক এবং সাকিব (৩১ বলে ৪৯) ও অধিনায়ক মুশফিকের (২৫ বলে অপরাজিত ৪৬) দুটো আক্রমণাত্মক ইনিংসে চার বল হাতে রেখে পাঁচ উইকেটের জয় পায় বাংলাদেশ।
২০১২ সালের আজকের দিনেই শততম সেঞ্চুরিটি করেন ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় নক্ষত্রটি। লেখাটি শেষ করার আগে শচীনের দুটি রেকর্ডের কথা বলে নিই।
টেস্টে ১৮৮ ম্যাচে ৩১১ ইনিংসে ব্যাট করে ১৫ হাজার ৪৭০ রান করেছেন শচীন। টেস্টে এটি সবোর্চ্চ রানের রেকর্ড। এর মধ্যে ৫১টি শতক এবং ৬৫টি অর্ধশতক করেছেন শচীন। ওয়ানডেতে ৪৬১ ম্যাচে ৪৫০ ইনিংসে ব্যাট করে ১৮ হাজার ২৬০ রান করেছেন। ৪৯টি শতক ও ৯৫টি অর্ধশতক করেছেন। ওয়ানডে ক্রিকেটে তিনিই প্রথম ডাবল সেঞ্চুরি করেন। অথচ এই ব্যাটসম্যানই ক্যারিয়ারের প্রথম দুটি ওয়ানডেতে শূন্যতে আউট হয়েছিলেন!
সূত্র: এনটিভি










