সদ্য প্রকাশিত
খেলা

জয়েই চোখ হেরাথের

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া
জয়েই চোখ হেরাথের

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

গল টেস্টে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে এগিয়ে আছে শ্রীলঙ্কা। পি সারা ওভালে বুধবার শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট। যেটি আবার বাংলাদেশের শততম টেস্ট। এই ম্যাচেও জয় দিয়ে সিরিজ শেষ করতে চান শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথ।

ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কা। সেই সিরিজের প্রসঙ্গ টেনে এনে মঙ্গলবার সংবাদ সম্মেলনে হেরাথ বলেন, ‘একটি দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয়ের মানসিকতা। আমি মনে করি সেটা আমাদের দলে আছে। সম্প্রতি ঘরের মাঠে আমরা যেসব ম্যাচ খেলেছি, বিশেষ করে অস্ট্রেলিয়া বিপক্ষে; আমরা জিতেছি। হয়তো আমাদের সব খেলোয়াড় একই ম্যাচে পারফর্ম করবে না। তবে আমাদের একে অন্যের ওপর যে আস্থা আছে সেটা আমাদের অগ্রগতিতে সাহায্য করে। আমরা পরের ম্যাচেও এটা টেনে নিতে চাই।’

হেরাথের বিশ্বাস, পি সারা ওভালের উইকেট গলের মতোই হবে, ‘এখানকার উইকেট অনেকটা গলের মতোই। আমরা জানি, এখানে প্রথম দুই-তিন দিন পেসারদের জন্য বাউন্স আছে। তবে আমি নিশ্চিত না, এই উইকেট তেমন আচরণ করবে কি না। আমি এখানে প্রচুর ম্যাচ খেলেছি। আমার অভিজ্ঞতা থেকে জানি, চতুর্থ ও পঞ্চম দিনে এখানে স্পিন ধরবে।’

সূত্র: রাইজিংবিডি