সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে জামায়াতে ইসলামীর ‘ওইভাবে’ আর প্রয়োজন নেই বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্যতম পরামর্শক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
২০ দলীয় জোটের জন্য জামায়াতকে একটি ‘দায়’ হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন, জাতীয় ঐক্যের প্রয়োজনে এ বিষয়ে সরকার ও জামায়াতের বর্তমান নেতৃত্ব ‘চিন্তা ভাবনা’ করতে পারে।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক আলোচনা সভায় এমাজউদ্দীন বলেন, “দেশের যে অবস্থা, তাতে জাতীয় ঐক্য করতে একটি রাজনৈতিক দলই বড় প্রতিবন্ধকতা বলে মনে হয়।… জনগণের যে বিরোধী দল সেই দলের নেত্রী বেগম খালেদা জিয়া তো সিদ্ধান্ত নিয়েছেন ২০ দলের মধ্যে এই দলটিকে আর ওইভাবে রাখার কোনো প্রয়োজন নেই।”
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পর জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানায় বিএনপি।
এর উত্তরে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, জামায়াত-বিএনপির সঙ্গে ঐক্যের কোনো প্রয়োজন নেই, জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হয়েই আছে।
এরপর বিএনপি নিজেরাই জঙ্গিবাদবিরোধী ঐক্য গড়ার ঘোষণা দিয়ে সরকারবিরোধী নতুন রাজনৈতিক জোট গড়ার প্রয়াস নেয়। তবে অন্য দলগুলোকে কাছে টানতে জামায়াতে ইসলামীসহ পুরনো জোটশরিক ইসলামী দলগুলোকে ওই উদ্যোগ থেকে দূরে রাখার ইংগিত পাওয়া যায় নেতাদের কথায়।
সম্প্রতি ব্যারিস্টার রফিক-উল হক ও জাফরুল্লাহ চৌধুরীও জামায়াতকে বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলগুলোকে ‘জাতীয় ঐক্যে’ শরিক করার উদ্যোগ নিতে বিএনপিকে পরামর্শ দেন।
২০০১ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে তার আগের বছর জামায়াতের সঙ্গে জোট করে বিএনপি। প্রথমে ওই জোটের নাম চার দলীয় জোট থাকলেও পরে ২০১৫ সালে তা ২০ দলীয় জোটে পরিণত হয়।
জাতীয় প্রেসক্লাবের আলোচনা সভায় জোটের গুরুত্বপূর্ণ শরিক জামায়াতের বিষয়ে অধ্যাপক এমাজউদ্দীন বলেন, “ইট হ্যাজ বিকাম এ লায়বিলিটি (দায়)। এটা বর্তমানে অ্যাসেট না। সুতরাং এই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে প্রতিবন্ধকতা নেই।”
বর্তমানে জামায়াতের অধিকাংশ নেতার জন্ম একাত্তরের পর জানিয়ে তিনি বলেন, “তাদেরও চিন্তাভাবনা করা উচিত, জাতীয় ঐক্য যদি তাদের কারণে ব্যার্থ হয়, সেটা তারাই বা চাইবেন কেন?”
এমাজউদ্দীনের প্রতিবাদ
কৃষক শ্রমিক জনতা লীগের আলোচনা সভায় জামায়াত নিয়ে মন্তব্যকে কিছু গণমাধ্যমে ‘বিকৃতভাবে’ পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করেছেন অধ্যাপক এমাজউদ্দীন।
বিএনপি নেত্রী খালেদা জিয়া জাতীয় ঐক্যের ব্যাপারে জামায়াতকে ‘বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন’- এমন কথা বলেননি বলে দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক উপাচার্য।
তিনি বলেন, “আমি এ ধরনের কথা বলিনি। আমার বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে। এতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমি বলেছি, সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের প্রয়োজন। এখানে জামায়াত কেনো বিষয় নয়।”









