সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
পায়ের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে পরবর্তী টেস্টে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। তার পরিবর্তে অসি শিবিরে ডাক পেলেন প্যাট কামিন্স।
ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্টার্কের। প্রথম টেস্টে ব্যাট হাতে ৫০ রানের সঙ্গে বল হাতে পাঁচটি উইকেটও লাভ করেন তিনি।

স্টার্কের ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক ট্রেভর হনস বলেন, ‘ভারতের বিপক্ষে স্টার্ককে হারানো বেশ দু:খজনক। তার পরিবর্তে দলে একজন আক্রমনাত্মক বোলার চেয়েছিলাম, সে কারণেই প্যাটকে ডাকা হয়েছে। সাম্প্রতিক সময়ে ওয়ানডে, টি-টোয়েন্টি ও বিগ ব্যাশেও ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে প্যাট নিজেকে প্রমাণ করেছে।’
দীর্ঘ ছয় বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেলেন প্যাট কামিন্স। ভারতের মাটিতে চার ম্যাচ সিরিজের দুটিতে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে সফরকারীরা। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআইপের বিপরীতে স্টার্কের মতো গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যানকে হারানো দলের জন্য অবশ্যই বিপদের । তবে ফর্মে থাকা প্যাট কামিন্সকে দিয়ে এবার তার অভাব পূরণ করতে চাইবে সফরকারী দলটি।
সূত্র: রাইজিংবিডি










